নিউজিল্যান্ড সিরিজে ভারতীয় দলে বড় রদবদলের ইঙ্গিত, বাদ পড়তে পারেন একাধিক তারকা, দেখুন সম্ভাব্য একাদশ

ঘরের মাঠে ২০২৬ সালের শুরুতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ; নেতৃত্বে ফিরছেন শুভমন গিল, দলে চমকের সম্ভাবনা নির্বাচকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

২০২৬ সাল শুরু হচ্ছে ভারতের জন্য ঘরের মাঠে এক গুরুত্বপূর্ণ ওয়ানডে সিরিজ দিয়ে। জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের এই সিরিজকে সামনে রেখে ভারতীয় দলে বড়সড় রদবদলের ইঙ্গিত মিলছে। বোর্ড সূত্রে খবর, চলতি সপ্তাহের শেষ দিকেই স্কোয়াড ঘোষণা করতে পারে বিসিসিআই।

১১ জানুয়ারি বরোদা, ১৪ জানুয়ারি রাজকোট এবং ১৮ জানুয়ারি ইন্দোরে হবে তিনটি একদিনের ম্যাচ। এই সিরিজে ভারতের অধিনায়ক হিসেবে ফেরার কথা শুভমন গিল-এর। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ ওয়ানডে সিরিজে ঘাড়ের চোটের কারণে তিনি খেলতে পারেননি। তবে এখন পুরোপুরি সুস্থ গিল ফের ৫০ ওভারের দলে নেতৃত্ব দিতে প্রস্তুত।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অক্টোবরে গিলের নেতৃত্বে প্রথম ওয়ানডে সিরিজ জিততে পারেনি ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের অধিনায়কত্বে প্রথম সিরিজ জয়ের লক্ষ্য থাকবে তাঁর সামনে। গিলের প্রত্যাবর্তনের ফলে ওপেনিংয়ে জায়গা নিয়ে প্রশ্নে পড়তে পারেন যশস্বী জয়সওয়াল। গিলের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুরন্ত শতরান করলেও, পূর্ণ শক্তির দলে তাঁকে বেঞ্চে বসতে হতে পারে।

অন্যদিকে, ওয়ানডে ক্রিকেটে বিশ্বের এক ও দুই নম্বর ব্যাটার—রোহিত শর্মাবিরাট কোহলি—নিউজিল্যান্ড সিরিজের স্কোয়াডে থাকছেন বলেই নিশ্চিত সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি চোট সারিয়ে দলে ফেরার দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ার। তাঁকে নেওয়া হলে মিডল অর্ডারে প্রতিযোগিতা আরও বাড়বে।

মিডল অর্ডারে রুতুরাজ গায়কোয়াড়-এর জায়গা প্রায় পাকা বলেই মনে করা হচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চার নম্বরে নেমে শতরান করে নির্বাচকদের নজর কেড়েছেন তিনি।

উইকেটকিপার হিসেবে প্রথম পছন্দ থাকছেন কেএল রাহুল। তবে ব্যাকআপ কিপার হিসেবে ঋষভ পন্থ-কে এই সিরিজে না রাখার সম্ভাবনাই বেশি। সেই জায়গায় সুযোগ পেতে পারেন ফর্মে থাকা ইশান কিষান। ঘরোয়া ক্রিকেট ও টি-টোয়েন্টি ফর্মের জোরেই তিনি আবার নির্বাচকদের আস্থায় ফিরেছেন।

অলরাউন্ড বিভাগে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদবওয়াশিংটন সুন্দর-এর থাকা প্রায় নিশ্চিত। তবে দক্ষিণ আফ্রিকার সিরিজে বিশ্রামে থাকা হার্দিক পান্ডিয়াজসপ্রীত বুমরাহ-কে আবারও বিশ্রামে রাখা হতে পারে।

পেস আক্রমণে হর্ষিত রানাঅর্শদীপ সিং-এর জায়গা পাকা। তবে প্রসিদ্ধ কৃষ্ণ-কে রাখা হবে, নাকি ফেরানো হবে মহম্মদ সিরাজ—সেই সিদ্ধান্তই এখন নির্বাচকদের বড় মাথাব্যথা।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য স্কোয়াড

শুভমন গিল (অধিনায়ক), রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, রুতুরাজ গায়কোয়াড়, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ইশান কিষান (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, হর্ষিত রানা, অর্শদীপ সিং, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত