রাজকোটে প্রথম বলেই ইতিহাস! বাউন্ডারি মেরে শচীনকে টপকে গেলেন বিরাট—কোন কোন রেকর্ড ভাঙলেন কিং কোহলি?

রাজকোটে প্রথম বলেই চার মেরে শচীনকে টপকালেন বিরাট কোহলি। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডেতে ভারতীয়দের মধ্যে সর্বোচ্চ রান ও আইসিসি র‌্যাঙ্কিংয়ে ফের এক নম্বর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আরও একবার প্রমাণ করলেন কেন তাঁকে বলা হয় ‘কিং’। রাজকোটে নিউজিল্যান্ডের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচে প্রথম বলেই চার মেরে ইতিহাস গড়লেন বিরাট কোহলি। সেই বাউন্ডারির সঙ্গেই তিনি টপকে গেলেন শচীন তেন্ডুলকার-কে। কিউয়িদের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান এখন বিরাটের নামেই। যদিও ইনিংসটা বড় হয়নি—২৩ রান করেই আউট হয়ে যান তিনি—তবু রেকর্ডবুক সমৃদ্ধ হল আরও একবার।

ভদোদরায় আগের ম্যাচে ৯৩ রান করে শচীনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন বিরাট। আর রাজকোটে ইনিংসের শুরুতেই সেই সীমারেখা পার করে এককভাবে শীর্ষে উঠে এলেন তিনি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে ভারতীয়দের মধ্যে এখন তিনিই সর্বোচ্চ রান সংগ্রাহক।

একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে টানা পাঁচটি ৫০-প্লাস স্কোর করার সুবর্ণ সুযোগও ছিল বিরাটের সামনে। আর একটি অর্ধশতরান হলে শচীন, রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড়কে টপকে যেতেন তিনি। কিন্তু ২৩ রানে আউট হয়ে যাওয়ায় সেই বিশেষ রেকর্ড হাতছাড়া হল।

পরিসংখ্যান বলছে, নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডেতে সবচেয়ে বেশি রান এখনও রিকি পন্টিং-এর—৫১ ম্যাচে ১৯৭১ রান। সেই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন বিরাট কোহলি (৩৫ ম্যাচে ১৭৭৩ রান) এবং তৃতীয় স্থানে শচীন তেন্ডুলকার (৪২ ম্যাচে ১৭৫০ রান)। অর্থাৎ ভারতীয়দের মধ্যে শীর্ষে এখন একাই বিরাট।

ভদোদরাতেই আরেকটি মাইলস্টোন ছুঁয়েছিলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের তালিকায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে—শুধু শচীন তেন্ডুলকারই তাঁর উপরে রয়েছেন।

এখানেই শেষ নয়। রাজকোটে নামার আগেই একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারদের ICC র‌্যাঙ্কিংয়ে দীর্ঘ সাড়ে চার বছর পর ফের এক নম্বরে উঠে এসেছেন বিরাট কোহলি। সতীর্থ রোহিত শর্মা-কে টপকে তিনি পৌঁছেছেন শীর্ষে, রোহিত নেমে গিয়েছেন তিন নম্বরে।

২০২১ সালের জুলাইয়ের পর এই প্রথম আইসিসি ওয়ানডে ব্যাটার র‌্যাঙ্কিংয়ে এক নম্বরে ফিরলেন বিরাট। তাঁর রেটিং পয়েন্ট এখন ৭৮৫। উল্লেখযোগ্য ভাবে, ২০১৩ সালের অক্টোবরে প্রথমবার ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিলেন কোহলি। এখনও পর্যন্ত মোট ৮২৫ দিন তিনি এই শীর্ষস্থান দখল করে রেখেছেন।

এই র‌্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ডের ড্যারিল মিচেল উঠে এসেছেন কেরিয়ারের সেরা দুই নম্বরে। তাঁর পয়েন্ট ৭৮৪—বিরাটের থেকে মাত্র এক কম। রোহিত শর্মা তিন নম্বরে (৭৭৫ পয়েন্ট), পাঁচে শুভমান গিল, আর প্রথম দশে রয়েছেন শ্রেয়স আইয়ার

সব মিলিয়ে, রাজকোটে ইনিংস ছোট হলেও বিরাট কোহলির রেকর্ডের ঝুলিতে যুক্ত হল একের পর এক ঐতিহাসিক অধ্যায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন