৪১ বছর বয়সেও গোলের ক্ষুধা কমেনি ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo)। সৌদি প্রো লিগে (Saudi Pro League) আল খুলুদের (Al-Kholood) বিরুদ্ধে মাত্র ১৫ মিনিটের ব্যবধানে হ্যাটট্রিক করলেন পর্তুগিজ মহাতারকা। বৃহস্পতিবারের ম্যাচে রোনাল্ডোর তিন গোলে ৫-৩ ব্যবধানে জয় পেল আল নাসের (Al-Nassr)। এই হ্যাটট্রিকের পর পেশাদার কেরিয়ারে তাঁর মোট গোলসংখ্যা দাঁড়াল ৯৮৫। অর্থাৎ, ১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫টি গোল প্রয়োজন সিআর৭-এর।
ম্যাচের শুরুটা অবশ্য আল নাসেরের জন্য সহজ ছিল না। ১৬ মিনিটে জুলিয়েন ডমিনগেজের গোলে এগিয়ে যায় আল খুলুদ। পাঁচ মিনিটের ব্যবধানে অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল গোল করে সমতা ফেরান। ৩৮ মিনিটে সাদিয়ো মানের গোলে এগিয়ে যায় আল নাসের। কিন্তু প্রথমার্ধের সংযুক্ত সময়ে আন্তোয়াঁ এসোম্বার গোলে ফের সমতা ফিরে আসে। বিরতিতে দুই দলের স্কোর ছিল ২-২।
দ্বিতীয়ার্ধে ম্যাচের রং বদলে দেন রোনাল্ডো। ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে ফ্রিকিক পায় আল নাসের। সেখান থেকেই পরিচিত ভঙ্গিতে ডান পায়ের মাপা শট নেন পর্তুগিজ তারকা। বলটি গোলপোস্টের ডান দিক ঘেঁষে জালে জড়িয়ে যায়। প্রতিপক্ষের গোলরক্ষক কার্যত বলের গতিপথ বুঝে ওঠার সুযোগই পাননি।
এর ঠিক ছয় মিনিট পর, ৭২ মিনিটে আবার গোল। এ বার জোয়াও ফেলিক্সের পাস থেকে হেডে বল জালে পাঠান রোনাল্ডো। ৮১ মিনিটে ফের গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন তিনি। এই গোলেও সতীর্থ ফেলিক্সের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। মাত্র ১৫ মিনিটের ব্যবধানে তিনটি গোল করে আল নাসেরকে ৫-২ ব্যবধানে এগিয়ে দেন সিআর৭। ম্যাচের একেবারে শেষ দিকে পেনাল্টি থেকে ডমিনগেজ আরও একটি গোল করলেও হার এড়াতে পারেনি আল খুলুদ। শেষ পর্যন্ত ৫-৩ ব্যবধানে জয় পায় আল নাসের।
এই হ্যাটট্রিকের মাধ্যমে আরও একটি ব্যক্তিগত মাইলফলক স্পর্শ করেছেন রোনাল্ডো। ২০২৪ সালের ৪ মে-র পর ফের হ্যাটট্রিক করলেন তিনি। আল নাসেরের হয়ে এটি তাঁর সপ্তম হ্যাটট্রিক। আর ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে ৬৭তম বার তিন বা তার বেশি গোল করার কৃতিত্ব অর্জন করলেন পর্তুগিজ অধিনায়ক।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ৯৮৫ গোলের পরিসংখ্যান নিয়ে এখন ১০০০ গোলের স্বপ্নের আরও কাছে রোনাল্ডো। ৪১ বছর বয়সেও তাঁর এই ধারাবাহিকতা ফুটবলবিশ্বে আলোচনার বিষয়। চলতি মরসুমে আল নাসেরের হয়ে ১২টি ম্যাচে ইতিমধ্যেই ৯টি গোল করেছেন তিনি। সৌদি প্রো লিগে তাঁর গোলসংখ্যা ৮।
ম্যাচের পরে সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন রোনাল্ডো। দলের পারফরম্যান্সে সন্তোষ প্রকাশ করে হ্যাটট্রিকে অবদান রাখতে পেরে খুশি বলে জানিয়েছেন তিনি। ব্যক্তিগত গোলের সংখ্যা বাড়ানোর পাশাপাশি দলের জয়ই যে তাঁর কাছে গুরুত্বপূর্ণ, সেই বার্তাও দিয়েছেন পর্তুগিজ মহাতারকা।
১০০০ গোলের ঐতিহাসিক মাইলফলক ছুঁতে আর মাত্র ১৫টি গোল। রোনাল্ডোর সামনে এখন সেই লক্ষ্যই।



