নজরবন্দি ব্যুরো: এক দেশের ফুটবলার অন্যদেশের ঘরোয়া লিগগুলোতে খেলতে আসা-ই ফুটবলার রপ্তানি। কিন্তু বিদেশের বিভিন্ন লিগে কোন দেশগুলো সবচেয়ে বেশি ফুটবলার রপ্তানি করে — এই প্রশ্নের উত্তরে সবার আগে যে দুইটি দেশের নাম আসবে তারা হল ব্রাজিল ও আর্জেন্টিনা। এই দুটি দেশের ফুটবলারেই সয়লাব প্রায় গোটা বিশ্ব। কিন্তু শীর্ষে আছে কোন দেশ, ব্রাজিল নাকি আর্জেন্টিনা – এমন বিতর্কের অবসান ঘটিয়েছে সুইজারল্যান্ডের ফুটবল বিষয়ক প্রতিষ্ঠান সিআইএস ফুটবল অবজারভেটরি।
আরও পড়ুন: আত্মঘাতী গোলে জয় হাতছাড়া সুনীলদের, নিয়মরক্ষার ম্যাচে লাল কার্ড দেখলেন স্টিমাচ


তাদের বিশ্লেষণে চোখ রাখলে এতদিনে জানা হয়েছে গিয়েছে উত্তরটা। গত দুই বছর ধরে ফুটবলার রপ্তানিতে শীর্ষে ছিল ব্রাজিল, এবারও নিজেরা শীর্ষস্থান থেকে নড়েননি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। অন্যদিকে ফুটবলার রপ্তানিতে তাদেরই প্রতিদ্বন্দ্বী বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও দুবারের চ্যাম্পিয়ন ফ্রান্স।

সুইজারল্যান্ডের ফুটবলকেন্দ্রিক গবেষণা সংস্থাটি ২০১৭ থেকে ২০২৩ সাল পর্যন্ত সময়ের তালিকা হিসাব করে বিশ্বের ১৩৫টি লিগের ওপর অনুসন্ধান চালায়। সেসব দেশের ২২০০টি ক্লাবে মূল দলে খেলে থাকেন প্রায় ৬২ হাজার ফুটবলার। তাদের মধ্যে প্রায় সাড়ে ১৪ হাজার ফুটবলারই প্রবাসী, যারা জন্মভূমির বাইরে গিয়ে ফুটবল ক্যারিয়ার গড়েছেন।



সিআইইএসের গবেষণার ফলাফল বলছে, বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশের লিগে সবচেয়ে বেশি ব্রাজিলের ফুটবলার রয়েছে। সেলেসাওদের প্রায় ১,২৮৯ জন ফুটবলার নিজ দেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তের লিগে খেলছেন। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স। দেশটির প্রায় ১ হাজার ৩৩ জন ফুটবলার বিভিন্ন দেশের ক্লাবে আছেন। আর তালিকার তৃতীয় স্থানে রয়েছে লিওনেল মেসির বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা। বিশ্বের নানা দেশে তাদের ৯০৫ জন ফুটবলার মাঠ মাতাচ্ছেন।
ফুটবলার রপ্তানিতে শীর্ষে ব্রাজিল, মেসিরা কোন অবস্থানে?

স্বাভাবিকভাবেই ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি নজর থাকে ফরোয়ার্ডদের ওপর। সিআইইএসের গবেষণাও সেই কথা বলছে। বিদেশি ফুটবলারদের মধ্যে সবচেয়ে বেশি আগ্রহ যথারীতি ফরোয়ার্ডদের নিয়েই। বিশ্বব্যাপী খেলা বিদেশি ফুটবলারদের মধ্যে ৩০.২ শতাংশই আক্রমণভাগের ফুটবলার। পরের তিন স্থানে যথাক্রমে ডিফেন্ডার (২২.৬ শতাংশ), মিডফিল্ডার (২১.৫ শতাংশ) ও গোলরক্ষক (১৪.৯ শতাংশ)।







