নজরবন্দি ব্যুরো: ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু নিয়ে এবার জল গড়াল কলকাতা হাইকোর্টেও। গত কয়েকদিনে দক্ষিণ দমদমের একের পর এক ডেঙ্গু আক্রান্তের মৃত্যুর খবর সামনে আসছে। কয়েকদিন আগেই ২০ বছরের এক তরুণী প্রাণ হারিয়েছে। মঙ্গলবার মৃত্যু হয়েছে আরও একজনের। এই অবস্থায় ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে উচ্চ আদালতে দায়ের হল জনস্বার্থ মামলা।
আরও পড়ুন: শহরে ফের এক ডেঙ্গু আক্রান্তের মৃত্যু, সংক্রমণ বাড়লেও হুঁশ ফিরছে না মানুষের!


জানা গিয়েছে, কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলাটি দায়ের করেছেন চিকিৎসক সঞ্জীব কুমার মুখোপাধ্যায়। আদালতে তাঁর আবেদন, ক্রমশ ডেঙ্গু বিপজ্জনক হয়ে উঠছে। সংক্রমণ ও মৃত্যুর হার বাড়ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের অধীন ন্যাশনাল ভেক্টর বোর্ন ডিজিজ কন্ট্রোলের কাছে ডেঙ্গু মৃত্যু নিয়ে কী তথ্য পাঠানো হয়েছে, ডেঙ্গু রুখতে কী কী উদ্যোগ পুরসভার তরফে নেওয়া হচ্ছে তাও জানতে চাওয়া হয়েছে। মামলাকারীর আবেদন, র্যাপিড টেস্টের পরিকাঠামো উন্নয়ন, যত্রতত্র জমাজল নিয়ে কঠোর পদক্ষেপের ব্যবস্থা কা হোক।

বেসরকারি সূত্রে খবর, ডেঙ্গুতে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৫০-এর বেশি। প্রতিদিন আক্রান্তের সংখ্যা ২৫০ থেকে ৩০০ ছাড়িয়ে দিয়েছে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও মাথাচাড়া দিয়ে উঠছে ডেঙ্গু। নবান্নে স্বাস্থ্যকর্তাদের বৈঠকে যে চারটে উদ্বেগজনক বিষয় উঠে এসেছে, সেগুলি হল ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৪৬ হাজারের বেশি, মৃত ৫০ ছুঁই ছুঁই, তবুও হুঁশ ফিরছে না সাধারণ মানুষের। বিপদ সঙ্কেত পেয়েও রোগীকে হাসপাতালে ভর্তি না করা। ডেঙ্গু সংক্রমণের হার ঊর্ধ্বমুখী, সাড়ে চার শতাংশের বেশি সংক্রমণের হাত ধরে বাড়ছে হাসপাতালে ডেঙ্গি রোগীর সংখ্যা। নতুন নতুন জায়গায় সংক্রমণ ছড়াচ্ছে। এরপরই মশাবাহিত এই রোগ প্রতিরোধে ৯ টি পদক্ষেপ গ্রহণ করে নবান্ন।



গতকাল (২ অক্টোবর) রাতে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয় ঠাকুরপুকুরের ১২৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা পরেশ সাউয়ের (৬৩)। গত শুক্রবার জ্বর নিয়ে নিউ আলিপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। সেদিনই তাঁর রক্ত পরীক্ষা করানো হয়। রিপোর্টে জানা যায় ওই ব্যক্তি ডেঙ্গু আক্রান্ত। গত সপ্তাহের শনিবার রাতে দক্ষিণ দমদমের বাসিন্দা ২০ বছরের তরুণী সমাপ্তি মণ্ডল ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রাণ হারায়। জ্বর নিয়ে নাগেরবাজারের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।
ডেঙ্গু সংক্রমণ ও মৃত্যু নিয়ে উদ্বেগ, হাইকোর্টে দায়ের জনস্বার্থ মামলা








