নজরবন্দি ব্যুরোঃ জোড়া গোলে প্রত্যাবর্তন। করোনাভাইরাস কে পরাস্ত্র করার আনন্দ সেলিব্রেট করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দু-বার করোনাকে হারিয়েছেন তিনি, সেই আনন্দ সেলিব্রেট করার জন্যেই যেন প্রত্যাবর্তন ম্যাচে জোড়া গোল করলেন পর্তুগালের হিরো, জুভেন্তাসের স্টার তথা বিশ্ব ফুটবলের অন্যতম শ্রেষ্ঠ ফুটবলার সিআর ৭!


রোনাল্ডর ২ গোল সাথে নিয়ে সেরি-এ তে ৪-১ গোলে জুভেন্তাস হারাল স্পেজিয়াকে। ম্যাচের প্রথম থেকে না খেললেও পরিবর্ত হিসেবে মাঠে নেমেছিলেন ক্রিসচিয়ানো। নামার তিন মিনিটের মধ্যেই পেনাল্টি থেকে গোল করেন তিনি। যখন তিনি মাঠে নামেন তখন খেলার ১৭ মিনিট গড়িয়ে গিয়েছে। ১-১ গোলে খেলা দাঁড়িয়ে। তারপর মাঠে নামার ৩ মিনিটের মধ্যে অর্থাৎ ম্যাচের ২০ মিনিটের মাথায় গোল করেন রোনাল্ডো।
সেরি-এতে প্রথম খেলতে নামা স্পেজিয়া কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল জুভেন্তাস কে। তবে সিআর ৭ মাঠে নামতেই খেলা ঘুরে যায়। মোরাতার শট পেয়ে রোনাল্ডো হঠাত্ তীব্র গতিতে নিজের মার্কারকে পরাস্ত করেন। তারপর ইভান প্রভেদেলকে পরাস্ত করে সোজা গোল! এই গোল করার ঠিক ৮ মিনিটের মাথায় রাবিয়ট বাঁ দিক থেকে আক্রমণে উঠে এসে গোল করেন। পরে স্পেজিয়ার পাওলো বার্তালোমিউ জুভেন্তাসের ফ্রেডরিকো চিয়েশাকে বক্সের মধ্যে ফাউল করেন। রেফারি পেনাল্টি দেন। শট নেন রোনাল্ডো, ফের গোল।
জোড়া গোলে প্রত্যাবর্তন। করোনা যুদ্ধ জয় সেলিব্রেট রোনাল্ডোর! উল্লেখ্য, গত শুক্রবার (৩০ অক্টোবর) এক বিবৃতির মাধ্যমে জুভেন্টাস সিআর ৭ এর করোনামুক্ত হওয়ার খবর জানায়। বিবৃতিতে তারা জানিয়ে দেয়, তুরিনের বাড়িতে তাদের দলের মধ্যমণিকে আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না। করোনা যুদ্ধে জয়ী হয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।


প্রসঙ্গত, গত ১৩ অক্টোবর দেশের হয়ে উয়েফা নেশনস লিগ খেলছিলেন সিআর ৭। লিগ চলার মাঝে করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। ফ্রান্স থেকে লিসবনে ফেরার পর তার কোভিডের নমুনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে। দ্রুত তাকে লিসবনে হোম আইসোলেশনে পাঠানো হয়। এরপর কয়েকদিন পর মেডিক্যাল ফ্লাইটে চড়ে লিসবন থেকে তুরিনে উড়িয়ে আনা হয় জুভেন্টাস তারকাকে। তবে তুরিনে এসেও আইসোলেশনে থাকতে হয়েছিল তাকে।







