টাকার টানাটানিতে টালমাটাল পাক ক্রিকেট, PSL দলগুলিকে আইনি নোটিশ বোর্ডের

পাকিস্তান সুপার লিগ ঘিরে কোটি কোটি টাকার বকেয়া নিয়ে মুখোমুখি পাকিস্তান ক্রিকেট বোর্ড ও ফ্র্যাঞ্চাইজিগুলি, বাড়ছে আর্থিক সঙ্কট।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

পাকিস্তান ক্রিকেটে এবার সামনে এল ভয়াবহ আর্থিক সঙ্কটের ছবি। পাকিস্তান সুপার লিগকে ঘিরে একের পর এক আর্থিক জটিলতা প্রকাশ্যে আসতেই চাপে পড়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। একাধিক ফ্র্যাঞ্চাইজিকে আইনি নোটিশ পাঠিয়ে দ্রুত বকেয়া টাকা মেটানোর নির্দেশ দিয়েছে বোর্ড। পাল্টা দলগুলিও বোর্ডের বিরুদ্ধে কোটি কোটি টাকা আটকে রাখার অভিযোগ তুলেছে। সব মিলিয়ে পাক ক্রিকেটে তৈরি হয়েছে তীব্র অস্থিরতা।

সূত্রের খবর, PSL-এ অংশগ্রহণের জন্য ফ্র্যাঞ্চাইজিগুলিকে যে ফি দিতে হয়, তার বড় অংশ এখনও বকেয়া রয়েছে। শুধু চলতি মরসুম নয়, গত বছরেরও বেশ কিছু অর্থ এখনও পরিশোধ করা হয়নি বলে দাবি করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।

বোর্ডের তরফে স্পষ্ট জানানো হয়েছে, দ্রুত সমস্ত বকেয়া মিটিয়ে না দিলে ভবিষ্যতে সংশ্লিষ্ট দলগুলির বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে। এমনকি প্রতিযোগিতা থেকে নির্বাসনের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।

তবে পাল্টা অভিযোগ তুলেছে কয়েকটি ফ্র্যাঞ্চাইজি। দলগুলির মালিকদের দাবি, তাঁরা বোর্ডের পাওনা অনেকটাই মিটিয়ে দিয়েছেন। কিন্তু লিগের বাণিজ্যিক লভ্যাংশ থেকে যে অংশ তাঁদের পাওয়ার কথা, সেই টাকা এখনও দেয়নি বোর্ড। তাঁদের দাবি, ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩ কোটি টাকার বকেয়া আটকে রয়েছে।

যদিও সেই অভিযোগ মানতে নারাজ পাকিস্তান ক্রিকেট বোর্ড। বোর্ডের বক্তব্য, গত মরসুম থেকেই বেশ কয়েকটি দলের কাছে প্রায় ১৫ কোটি টাকার বকেয়া রয়েছে। সেই অর্থ না মিটিয়ে উল্টে বোর্ডের বিরুদ্ধে অভিযোগ তোলার কোনও ভিত্তি নেই বলেই দাবি করা হয়েছে।

এতেই শেষ নয়, সম্প্রচারকারী সংস্থার সঙ্গেও আর্থিক জটিলতায় জড়িয়েছে বোর্ড। পাকিস্তান ক্রিকেট বোর্ডের দাবি, সম্প্রচার স্বত্ব সংক্রান্ত বাবদ প্রায় ১৫৪ কোটি টাকা এখনও বকেয়া রয়েছে। যে সংস্থা সম্প্রচারের দায়িত্বে রয়েছে, তাদের সঙ্গে রাওয়ালপিন্ডি ফ্র্যাঞ্চাইজির যোগসূত্র থাকায় সেই দলকেও চাপের মুখে ফেলছে বোর্ড।

ক্রিকেট বিশ্লেষকদের মতে, দীর্ঘদিন ধরেই পাকিস্তানের ক্রিকেট প্রশাসনে আর্থিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছিল। এবার সেই সংকট প্রকাশ্যে চলে আসায় ভবিষ্যতে পাকিস্তান সুপার লিগের স্থিতিশীলতা নিয়েও উদ্বেগ বাড়ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত