নজরবন্দি ব্যুরোঃ নিয়োগ দুর্নীতি মামলায় ফের তৎপরতা সিবিআই ও ইডির। এবার গ্রুপ সি, গ্রুপ ডি মামলায় চাকরি প্রাপক ও চাকরি প্রার্থীদের জিজ্ঞাসাভাদের জন্য তলব করল সিবিআই ও ইডি। মঙ্গলবার সকালে নিজাম প্যালেসে হাজিরা দেন ১৫ জন। আদালতের নির্দেশের পরেই নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআইয়ের তৎপরতা শুরু হয়েছে।
আরও পড়ুনঃ Teacher Job: শিক্ষক ও ক্লার্ক নিয়োগ চলছে, আবেদন করতে পারবেন সমস্ত রাজ্যবাসী, জানুন কোথায়


অভিযোগ, এর আগে গ্রুপ সি ও গ্রুপ ডি মামলায় বেআইনিভাবে নিয়োগের অভিযোগ পেয়েছিল তদন্তকারী সংস্থা। এমনকি টাকার বিনিময়ে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছিল। সেবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য মঙ্গলবার নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়। একইসঙ্গে তাঁদের সমস্ত তথ্য তলব করা হয়েছে। তদন্তকারী সংস্থার প্রশ্ন, কীভাবে এই চাকরি প্রাপকরা চাকরি পেলেন? তাঁদের মাঝে কোনও মিডলম্যান ছিল কি না।

একইসঙ্গে যারা চাকরি প্রার্থী, যারা দীর্ঘ সময় ধরে বঞ্চিত হয়ে রয়েছেন, তাঁদের কাছ থেকে বেশ কয়েকটি নথি চাওয়া হয়েছে। কেন তাঁরা দাবি করছেন, তাঁরা নিয়োগ থেকে বঞ্চিত সেকারণেই নিজাম প্যালেসে তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে গতকাল ২০ জনকে তলব করা হয়েছিল। তাঁদের সমস্ত নথি খতিয়ে দেখা হচ্ছিল। আজ আরও ১৫ জনকে তলব করা হয়েছে।
অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় গতকাল সিবিআইয়ের সিটের দায়িত্বভার তুলে নিয়েছেন অশ্বীন শেনভি। এর আগে হরিয়ানা ক্যাডারের আইপিএস অফিসার ছিলেন তিনি। স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় সমস্ত নথি খতিয়ে দেখবেন তিনি। বৈঠক করেন দফতরের আধিকারিকদের সঙ্গে। এরই মধ্যে সিবিআইয়ের তৎপরতা ঘিরে জল্পনা শুরু হয়েছে ওয়াকিবহাল মহলে।


নিয়োগ দুর্নীতি মামলায় ইডি-সিবিআইয়ের তৎপরতা, ফের চাকরি প্রাপকদের তলব

অন্যদিকে, নিয়োগ দুর্নীতি মামলায় ৫ টি বেসরকারি ডিএলএড কলেজ কর্তৃপক্ষদের তলব করেছে ইডি। ইডি সূত্রে খবর, অফলাইনে ভর্তির ক্ষেত্রে কোনও টাকা লেনদেন হয়েছে কিনা, সেবিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।







