গণনাকেন্দ্র ঘিরে জোড়া মামলা, আজই হাইকোর্টে গুরুত্বপূর্ণ শুনানি

গণনাকেন্দ্রে সুপারভাইজার নিয়োগ ও কেন্দ্র বদল নিয়ে হাইকোর্টে জোড়া মামলা, বিচারপতি কৃষ্ণা রাওয়ের এজলাসে আজই শুনানি—নজরে কমিশনের সিদ্ধান্ত

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোট মিটতেই নতুন বিতর্ক—গণনাকেন্দ্রের নিয়ম ও অবস্থান নিয়ে সরাসরি আইনি লড়াই শুরু। বৃহস্পতিবারই কলকাতা হাইকোর্ট-এ দায়ের হল দুটি পৃথক মামলা, যা আজই শুনানির জন্য উঠছে বিচারপতি কৃষ্ণা রাও-এর এজলাসে। নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েই এই আইনি চ্যালেঞ্জ ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

প্রথম মামলাটি দায়ের করেছেন তৃণমূল সাংসদ ও আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, গণনাকেন্দ্রে সুপারভাইজ়ার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিয়োগ করছে নির্বাচন কমিশন, যা আইনের পরিপন্থী। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

অন্যদিকে, দ্বিতীয় মামলাটি করেছেন আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য। তাঁর দাবি, কোনও সুস্পষ্ট কারণ ছাড়াই আচমকাই গণনাকেন্দ্রের স্থান পরিবর্তন করা হচ্ছে, যা ভোট প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে।

আজ দুপুর ২টোয় এই দুই মামলার শুনানি হওয়ার কথা। ফলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত আদালতের পরীক্ষার মুখে পড়ছে বলেই মনে করা হচ্ছে।

উল্লেখযোগ্যভাবে, ভোটপর্বের আগেও কমিশনের একাধিক সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিল বিভিন্ন পক্ষ। সেই সময়ও কিছু ক্ষেত্রে আদালত হস্তক্ষেপ করে নির্দেশ দিয়েছে—যেমন ভোটের আগে বাইক চলাচলে ৭২ ঘণ্টার বিধিনিষেধ কমিয়ে ১২ ঘণ্টা করার নির্দেশ।

এবার গণনাকেন্দ্র সংক্রান্ত এই জোড়া মামলা ঘিরে নতুন করে নজর রাজনৈতিক মহলের—আদালতের রায়ে নির্বাচন প্রক্রিয়ার পরবর্তী ধাপ কতটা প্রভাবিত হবে, সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত