‘২০ রাউন্ডেই জিতব’, ভবানীপুর নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু, পাল্টা তৃণমূলের চ্যালেঞ্জ

ভবানীপুরে ফল নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী, রাউন্ডভিত্তিক জয়ের হিসেব দিলেন বিজেপি প্রার্থী—তৃণমূলের সঙ্গে চাপানউতোর তুঙ্গে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গণনার আগেই ভবানীপুরে ফল নিয়ে জোর রাজনৈতিক লড়াই—আর সেই লড়াইয়ে আত্মবিশ্বাসে ভরপুর শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, প্রথম কয়েক রাউন্ডেই এগিয়ে থাকবেন তিনি, শেষ পর্যন্ত ২০ রাউন্ডে জয় নিশ্চিত করবেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়-র বিরুদ্ধে কটাক্ষ ছুড়ে রাজনৈতিক উত্তাপ আরও বাড়িয়ে দিলেন বিজেপি প্রার্থী।

সাংবাদিকদের সামনে শুভেন্দু অধিকারী স্পষ্ট হিসেব কষে জানান, প্রথম ও দ্বিতীয় রাউন্ডে তিনি লিড পাবেন। তৃতীয় থেকে পঞ্চম রাউন্ডে তৃণমূল এগিয়ে থাকলেও ষষ্ঠ-সপ্তম রাউন্ড থেকে আবার ব্যবধান ঘুচিয়ে এগিয়ে যাবেন তিনি। তাঁর কথায়, “২০ রাউন্ড শেষে আমিই জিতব।”

ভবানীপুরের এবার রাজ্যের অন্যতম হাই-ভোল্টেজ কেন্দ্র। গতবার যেমন নন্দীগ্রাম নজর কেড়েছিল, তেমনই এবারে ভবানীপুরকে ঘিরে উত্তেজনা চরমে। ভোটের আগে থেকেই দুই শিবিরের মধ্যে একাধিক অভিযোগ-পাল্টা অভিযোগ, পতাকা ছেঁড়া থেকে স্লোগান যুদ্ধ—সব মিলিয়ে উত্তপ্ত ছিল এলাকা।

ভোটের দিন সেই উত্তেজনা আরও বাড়ে, যখন একই কেন্দ্রে কার্যত মুখোমুখি হন শুভেন্দু ও মমতা। বিকেল পর্যন্ত মাঠে সক্রিয় থাকলেও মমতাকে দেখা যায়নি বলে অভিযোগ তোলে বিজেপি শিবির। এরপর শুরু হয় স্ট্রং রুম বিতর্ক, যেখানে কারচুপির আশঙ্কা তুলে নির্বাচন কমিশনের দ্বারস্থ হন মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল নেত্রীর হুঁশিয়ারি ছিল কড়া—ইভিএমে কারচুপির চেষ্টা হলে “জীবন-মরণ লড়াই” হবে। এর পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শুভেন্দু। তিনি দাবি করেন, পরিকল্পনা করেই মমতা ঘটনাস্থলে গিয়েছিলেন এবং আন্দোলন তাঁর ‘অভ্যাস’।

সব মিলিয়ে, ভবানীপুরে ভোট-পরবর্তী পরিস্থিতিও উত্তপ্ত। এখন নজর গণনার দিনে—সংখ্যার খেলায় কার হিসেব মেলে, সেটাই দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন