ফল ঘোষণার মাত্র একদিন আগে সংগঠনকে চূড়ান্ত বার্তা—আত্মবিশ্বাস, সতর্কতা আর কৌশল—এই তিন মন্ত্রেই কাউন্টিংয়ের আগে এজেন্টদের প্রস্তুত করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার প্রায় তিন ঘণ্টার ভার্চুয়াল বৈঠকে ২৯৪ কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের উদ্দেশে তাঁর স্পষ্ট দাবি—দল ২০০-র বেশি আসনে জিততে চলেছে, তাই শেষ মুহূর্ত পর্যন্ত সতর্ক থাকতে হবে।
এই বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। সূত্রের খবর, বৈঠকে এজেন্টদের একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন দলনেত্রী। বিশেষ করে, কোথাও জয়ের ব্যবধান কম হলে পুনর্গণনার দাবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে। তাঁর কথায়, “১০০০ বা ২০০-৩০০ ভোটে জিতলে রিকাউন্টিং চাইবেন।”


তৃণমূল সুপ্রিমোর বার্তা ছিল স্পষ্ট—গণনাকেন্দ্রে সকাল ৫টার মধ্যেই পৌঁছতে হবে এবং শেষ পর্যন্ত থাকতে হবে। তিনি সতর্ক করে দেন, যতক্ষণ না তিনি নিজে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করছেন, ততক্ষণ কোনও এজেন্ট যেন কাউন্টিং সেন্টার ছেড়ে বেরিয়ে না যান।
এজেন্টদের কাজের পদ্ধতি নিয়েও বিস্তারিত নির্দেশ দিয়েছেন মমতা। ইভিএম খোলার সঙ্গে সঙ্গে সমস্ত তথ্য নোট করে রাখতে হবে, কম্পিউটারে ডেটা ঠিকভাবে আপলোড হচ্ছে কিনা, তাও নজরে রাখতে হবে। তাঁর অভিযোগ, “আপনাদের চোখ ধাঁধিয়ে দেওয়ার চেষ্টা হতে পারে, এমনকি ভোট অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টাও হতে পারে।”
শুধু কৌশল নয়, এজেন্টদের শারীরিক প্রস্তুতি নিয়েও সতর্ক করেছেন তিনি। হালকা খাবার খাওয়া, বাইরে জল না খাওয়া, এমনকি পান-বিড়ি-সিগারেট থেকেও দূরে থাকার পরামর্শ দিয়েছেন দলনেত্রী। চা খেতে হলেও কাউন্টিং সেন্টারের পক্ষ থেকেই ব্যবস্থা করতে বলার নির্দেশ দেওয়া হয়েছে।


এছাড়াও, ভোটের সময় যারা আক্রান্ত হয়েছেন, তাঁদের জন্য বিশেষ বার্তাও দিয়েছেন মমতা। তিনি জানিয়েছেন, দলের হয়ে কাজ করতে গিয়ে যারা কষ্ট করেছেন বা হামলার শিকার হয়েছেন, তাঁদের পুরস্কৃত করা হবে।
সব মিলিয়ে, ফল ঘোষণার আগে সংগঠনকে সর্বোচ্চ সতর্কতায় রাখতেই এই কড়া বার্তা বলে মনে করছে রাজনৈতিক মহল। এখন নজর সোমবার সকাল ৮টার পর—সংখ্যার লড়াইয়ে কার হাসি শেষ হাসি হয়।







