কালবৈশাখীর দাপট বাড়ছে, দক্ষিণবঙ্গ জুড়ে ঝড়-বৃষ্টির সতর্কতা

দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়-বৃষ্টির সতর্কতা, একাধিক জেলায় কমলা অ্যালার্ট—৫০-৬০ কিমি বেগে দমকা হাওয়া, কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বৈশাখের শেষে ফের প্রকৃতির রুদ্রমূর্তি—দক্ষিণবঙ্গ জুড়ে কালবৈশাখীর জোরালো দাপটের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। বৃহস্পতিবারও প্রায় সব জেলাতেই ঝড়-বৃষ্টি অব্যাহত থাকার আশঙ্কা, একাধিক জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। ভারী বৃষ্টি, দমকা ঝোড়ো হাওয়া ও বজ্রপাত—সব মিলিয়ে সতর্ক থাকতে বলছেন আবহাওয়াবিদরা।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এই দুই জেলায় জারি হয়েছে কমলা সতর্কতা। পাশাপাশি উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতেও ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে তুলনামূলক হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। কোথাও কোথাও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে।

এদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া অনুকূল নয়। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনায় সতর্কতা জারি রয়েছে। পাহাড়ি এলাকায় ধস বা জল জমার মতো পরিস্থিতিও তৈরি হতে পারে বলে আশঙ্কা।

পরবর্তী কয়েক ঘণ্টার জন্য বিশেষ সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দফতর। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পূর্ব বর্ধমান, নদিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই সময় ৩০ থেকে ৫০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে।

বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পাশাপাশি কালবৈশাখীর দাপট আরও বাড়তে পারে। কিছু জায়গায় শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা—বিশেষত হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে।

এই পরিস্থিতিতে বাইরে বেরোনোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা জায়গায় না থাকা, গাছ বা বৈদ্যুতিক খুঁটির কাছ থেকে দূরে থাকার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত