পশ্চিম এশিয়ার সংঘাতের অভিঘাত এখন সরাসরি গিয়ে পড়ছে সাধারণ মানুষের জীবনে—আর তার সবচেয়ে স্পষ্ট ছবি ধরা পড়ছে পাকিস্তানে। দেশের অর্থনীতি যে গভীর চাপে, তা স্বীকার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী শেহবাজ় শরিফ। তাঁর কথায়, এই যুদ্ধ আর দূরের কোনও ভূরাজনৈতিক ঘটনা নয়—এটি এখন পাকিস্তানের ঘরে ঘরে পৌঁছে যাওয়া বাস্তব সংকট।
বুধবার ফেডারেল মন্ত্রিসভার বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে শরিফ জানান, ইরান-কে ঘিরে চলা সংঘাত পাকিস্তানের অর্থনীতিতে বড়সড় ধাক্কা দিয়েছে। বিশেষ করে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। যুদ্ধের আগে যেখানে তেল আমদানির খরচ ছিল প্রায় ৩০০ মিলিয়ন ডলার, তা এখন বেড়ে দাঁড়িয়েছে ৮০০ মিলিয়ন ডলারে—যা সরাসরি দেশের আর্থিক ভারসাম্যে চাপ সৃষ্টি করছে।


তেলের দাম বাড়ার প্রভাব দ্রুত পড়েছে সাধারণ মানুষের উপর। দেশে জ্বালানির মূল্য প্রায় ৪২ শতাংশ পর্যন্ত বেড়ে গিয়েছে, যার ফলে পরিবহণ, নিত্যপ্রয়োজনীয় দ্রব্য এবং দৈনন্দিন খরচ—সব ক্ষেত্রেই অস্থিরতা তৈরি হয়েছে। সরকার পরিস্থিতি সামাল দিতে একাধিক পদক্ষেপ নিয়েছে—কোথাও সরকারি পরিবহণ কমানো হয়েছে, কোথাও আবার সাময়িক ভাবে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। পাশাপাশি শক্তি খরচ কমাতে বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থাও চালু করা হয়েছে।
তবে বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপগুলি কেবল সাময়িক স্বস্তি দিতে পারে, মূল সমস্যার সমাধান নয়। কারণ সংকটের উৎস আন্তর্জাতিক বাজারে। হরমুজ় প্রণালী-তে তেল পরিবহণে বাধা তৈরি হওয়ায় সরবরাহে অনিশ্চয়তা বাড়ছে, যার ফলে দাম আরও বাড়ছে। এর প্রভাব পড়ছে বিশেষ করে পাকিস্তানের মতো আমদানিনির্ভর অর্থনীতির উপর।
অর্থনীতিবিদরা সতর্ক করছেন, এই ধরনের পরিস্থিতিতে মুদ্রাস্ফীতি দ্রুত বাড়ে, বৈদেশিক মুদ্রার ভাণ্ডার কমে যায় এবং সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বহুগুণ বেড়ে যায়। পাকিস্তানে সেই ছবিই এখন স্পষ্ট।


শেহবাজ় শরিফের বক্তব্যে তাই পরিষ্কার—এটি কেবল সংখ্যার হিসাব নয়, এটি এক বাস্তব লড়াই। যুদ্ধক্ষেত্র থেকে বহু দূরে থেকেও একটি দেশ কীভাবে তার অভিঘাতে কেঁপে উঠতে পারে, পাকিস্তান এখন তার জীবন্ত উদাহরণ। এই সংকট কতদিন চলবে, তার উত্তর আপাতত অজানা।







