ভোট শেষ হতেই এক্সিট পোল ঘিরে উচ্ছ্বাস বাড়ছে রাজ্যে। কিন্তু সেই আবহেই নিজের দলকেই সংযত থাকার বার্তা দিলেন বিজেপির বর্ষীয়ান নেতা তথাগত রায়। তাঁর স্পষ্ট সতর্কবার্তা—এক্সিট পোল দেখে বাড়াবাড়ি উচ্ছ্বাস না দেখিয়ে গণনার ফল বেরোনো পর্যন্ত অপেক্ষা করা উচিত।
সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক পোস্টে তথাগত রায় মনে করিয়ে দিয়েছেন ২০২১ সালের অভিজ্ঞতা। তখনও বুথ ফেরত সমীক্ষায় বিজেপির ক্ষমতায় আসার সম্ভাবনা জোরালোভাবে উঠে এসেছিল। কিন্তু শেষ পর্যন্ত ফল প্রকাশের দিনে সেই সমস্ত পূর্বাভাস ভেস্তে যায়, আর মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ২১৩ আসন জিতে ক্ষমতায় ফেরে। বিজেপি থামে ৭৭-এ।


এবারও একই রকম পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করছেন তিনি। এক্সিট পোলে পরিবর্তনের ইঙ্গিত থাকলেও বাস্তব ফলাফল কী হবে, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। সেই কারণেই দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে তথাগত রায়ের বার্তা—“আনন্দিত হোন, কিন্তু উচ্ছ্বসিত হবেন না।”
তিনি আরও বলেন, ভোটগণনার দিন প্রতিটি পর্যায়ে সতর্ক থাকতে হবে। বিশেষ করে কাউন্টিং এজেন্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁর নির্দেশ, রিটার্নিং অফিসার আনুষ্ঠানিক ভাবে ফল ঘোষণা না করা পর্যন্ত এজেন্টদের গণনাকেন্দ্র ছেড়ে কোথাও যাওয়া উচিত নয়।
তবে শুধু সতর্কবার্তাতেই থেমে থাকেননি তথাগত রায়, অতীত নেতৃত্ব নিয়েও কটাক্ষ করেছেন। ২০২১ সালের নির্বাচনে রাজ্যের দায়িত্বপ্রাপ্তদের ভূমিকা নিয়ে তাঁর অসন্তোষ নতুন নয়—এর আগেও একাধিকবার প্রকাশ্যে দলের সংগঠন ও নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।


রাজ্যে পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা যতই জোরদার হোক, তথাগত রায়ের বক্তব্য স্পষ্ট—শেষ কথা বলবে গণনার ফল, তার আগে কোনও সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।








