ভোটে শহর জুড়ে ট্রাফিক কড়াকড়ি: তিনদিন রুট বদল, জেনে নিন বিকল্প পথ

২৮, ২৯ এপ্রিল ও ৪ মে কলকাতায় ট্রাফিক নিয়ন্ত্রণ—আলিপুর, হাজরা, কসবা-সহ একাধিক এলাকায় রুট বদল, পার্কিংয়েও কড়াকড়ি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

দ্বিতীয় দফার ভোটকে ঘিরে কলকাতায় তিনদিনের জন্য বড়সড় ট্রাফিক নিয়ন্ত্রণের পরিকল্পনা করেছে Kolkata Police। ২৮ ও ২৯ এপ্রিল (ভোটের আগের দিন ও ভোটের দিন) এবং ৪ মে (গণনার দিন)—এই তিনদিন শহরের একাধিক গুরুত্বপূর্ণ রাস্তায় যান চলাচল ও পার্কিংয়ে কড়া বিধিনিষেধ থাকবে। ভোগান্তি এড়াতে আগে থেকেই বিকল্প রুট জেনে নেওয়ার পরামর্শ দিচ্ছে পুলিশ।

কোন দিন কী নিয়ম?
২৮ ও ২৯ এপ্রিল ভোর ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত বেশ কিছু এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণ থাকবে। আলিপুর জর্জ কোর্ট থেকে আলিপুর রোড ক্রসিং পর্যন্ত পশ্চিমমুখী রাস্তা বন্ধ থাকবে। এই রুটে চলাচলকারী গাড়িগুলিকে আলিপুর রোড হয়ে উত্তর বা দক্ষিণ দিকে ঘুরিয়ে দেওয়া হবে।

হাজরা ক্রসিং থেকেও পশ্চিমমুখী যান ঘোরানো হবে। সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত হরিশ মুখার্জি রোডে পশ্চিমমুখী যান চলাচলে বিধিনিষেধ থাকবে। অকল্যান্ড রোড ও লর্ড সিনহা রোড সম্পূর্ণ বন্ধ থাকবে নির্দিষ্ট সময়ের জন্য।

কসবার অ্যাক্রোপলিস মল ও গীতাঞ্জলি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় একমুখী যান চলাচল চালু থাকবে। দুপুর ১টার পর কালীদাস পুততুণ্ড লেন দিয়ে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হবে।

গণনার দিন আরও কড়াকড়ি
৪ মে, গণনার দিন ভোর ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত ডায়মন্ড হারবার রোডে উত্তরমুখী যান নিয়ন্ত্রণ করা হতে পারে। একবালপুর ক্রসিং ও হেস্টিংস ক্রসিং থেকে বিকল্প রুটে গাড়ি ঘোরানো হবে।

এছাড়া রাজা সুবোধচন্দ্র মল্লিক রোড, প্রিন্স আনোয়ার শাহ রোড, ঠাকুরপুকুর থানা থেকে বাজার পর্যন্ত রাস্তা—সব জায়গাতেই আংশিক বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। শহরের দক্ষিণ কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা—বালিগঞ্জ সার্কুলার, শরৎ বোস, বেলতলা, পালিত, পদ্মপুকুর, লাভলক, ডোভার লেন—বন্ধ থাকার সম্ভাবনাও রয়েছে।

পার্কিং নিয়ন্ত্রণ কোথায়?
এই তিনদিনই শহরের বেশ কিছু এলাকায় পার্কিংয়ে নিষেধাজ্ঞা জারি থাকবে। বিশেষ করে বালিগঞ্জ, কসবা, রাজডাঙা, নেতাজি ইন্ডোর স্টেডিয়াম চত্বর ও বি টি রোডের একাধিক অংশে পার্কিং কড়াকড়ি থাকবে।


পুলিশ জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী কিছু রুটে শিথিলতা আনা হতে পারে। তবে যানজট এড়াতে প্রয়োজন অনুযায়ী গাড়ি বিকল্প পথে ঘুরিয়ে দেওয়া হবে। তাই যাত্রার আগে রুট প্ল্যান করে বেরোনোর পরামর্শ দেওয়া হচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর