নজরবন্দি ব্যুরো: আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। আজই ইডি দফতরে হাজিরা দেওয়ার কথা ছিল। সকাল থেকেই ইডির সদর দফতরে কঠোর নিরাপত্তা চোখে পড়েছিল। কেজরিওয়াল হাজিরা দেবেন কি না তা নিয়ে জল্পনা চলছিল। কিন্তু বৃহস্পতিবার বিবৃতি মারফত জানিয়ে দেওয়া হয়, ইডির তলবে হাজিরা দিচ্ছেন না আপ সুপ্রিমো।


সূত্রে খবর, ইডির তলব নিয়ে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, ‘তলবের নোটিস সম্পূর্ণ বেআইনি এবং রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত। আমি যাতে চারটি রাজ্যে নির্বাচনী প্রচারে যেতে না পারি তার জন্য বিজেপির নির্দেশে নোটিস পাঠানো হয়েছিল। ইডির অবিলম্বে নোটিসটি প্রত্যাহার করে নেওয়া উচিত।’ দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘তিনি আজ কোনওভাবেই হাজিরা দিতে যাবেন না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ এনে তিনি বলেছেন, ‘এই মুহূর্তে চারটি রাজ্যে নির্বাচনী প্রচার চলছে। তাই আমি ইডি দফতরে হাজিরা দিতে যেতে অক্ষম।’

দিল্লির শাসক দক আপের কথায়, ইডির তরফে যে সমনের নোটিস পাঠানো হয়েছে তা বেআইনি। আজ কেজরিওয়াল হাজিরা দিচ্ছেন না। বৃহস্পতিবার মধ্যপ্রদেশে পূর্বনির্ধারিত কর্মসূচি আছে কেজরিওয়ালের। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের সঙ্গে যৌথ রোড শো করার কথা তাঁর। সেখানেই যোগ দেবেন তিনি।



দিল্লির আবগারি দুর্নীতি মামলায় আপের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে আগেই গ্রেফতার করেছে ইডি। সম্প্রতি সুপ্রিম কোর্টে সিসোদিয়ার জামিনের আবেদন খারিজ হয়ে যায়। এরপরই কেজরিওয়ালকে তলব করা হয়। কিন্তু হাজিরা এড়ানোর পর থেকে আপ সুপ্রিমোর গ্রেফতারি নিয়ে আশঙ্কা শুরু হয়েছে। ইডির পরবর্তী পদক্ষেপের দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
ED-র হাজিরা এড়ালেন কেজরিওয়াল, আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর গ্রেফতারির আশঙ্কা?








