বড় মেয়ের পর এ বার ১৩ বছরের ছোট মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের ঘটনায় ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, মাসের পর মাস ধরে নাবালিকার উপর যৌন নির্যাতন চালানো হয়। শেষ পর্যন্ত দিদিকে ফোনে সব ঘটনা জানানোর পর বিষয়টি প্রকাশ্যে আসে। বড় মেয়ের অভিযোগের ভিত্তিতে কুলপি রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে বারুইপুর মহিলা থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে বারুইপুর এলাকায় থাকত অভিযুক্ত। অভিযোগ, ২০২৫ সালের ডিসেম্বর মাসে নিজের বড় মেয়েকে যৌন হেনস্তা করে সে। সেই ঘটনার পর বাড়ি ছেড়ে চলে যান বড় মেয়ে। এরপরই ১৩ বছরের ছোট মেয়েকে অভিযুক্ত যৌন নির্যাতন করতে শুরু করে বলে অভিযোগ।
অভিযোগ, দিনের পর দিন এই নির্যাতন চললেও প্রথম দিকে কাউকে কিছু জানায়নি নাবালিকা। পরে ফোনে দিদির কাছে গোটা ঘটনা খুলে বলে সে। এরপর দুই বোন মিলে তাঁদের মাকে বিষয়টি জানান। তবে অভিযোগ, মা প্রথমে বিষয়টিকে গুরুত্ব দেননি।
পরিস্থিতি বদলায় বড় মেয়ের অভিযোগের পর। শেষ পর্যন্ত ১০০ ডায়ালে ফোন করে বাবার বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। খবর পেয়ে তদন্তে নামে পুলিশ। অভিযোগের ভিত্তিতে কুলপি রোড এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করে বারুইপুর মহিলা থানার পুলিশ।
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে পকসো (POCSO) আইনে মামলা রুজু করা হয়েছে। শনিবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দুই মেয়ের অভিযোগ এবং পরিবারের ভূমিকা-সহ ঘটনার প্রতিটি দিক খতিয়ে দেখা হচ্ছে।
একই পরিবারের দুই মেয়েকে ঘিরে পরপর এমন গুরুতর অভিযোগ সামনে আসায় বারুইপুরের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। নাবালিকার নিরাপত্তা এবং অভিযোগের সত্যতা যাচাই করে পরবর্তী আইনি পদক্ষেপের দিকেই এখন নজর তদন্তকারীদের।



