দীর্ঘ প্রায় দু’দশকের সশস্ত্র মাওবাদী আন্দোলনের পর এবার আত্মসমর্পণের পথে শীর্ষ মাওবাদী দম্পতি শচীন ওরফে রামপ্রসাদ মাণ্ডি এবং তাঁর স্ত্রী মিতা ওরফে নয়নতারা। যৌথবাহিনীর লাগাতার অভিযানের চাপে রাষ্ট্রের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। পুলিশ ও পরিবার সূত্রের খবর, কয়েক দিনের মধ্যেই বাংলায় আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করতে পারেন এই দু’জন। দু’জনের বিরুদ্ধেই একাধিক গুরুতর মামলা রয়েছে এবং তাঁদের ধরিয়ে দিতে মোট ২৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছিল।
ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম জেলার পটমদা থানার ঝুঁঝকা গ্রামের বাসিন্দা রামপ্রসাদ মাণ্ডি সংগঠনে শচীন, মহাদেব ও সুনীল নামে পরিচিত ছিলেন। তিনি সিপিআই (মাওবাদী)-র বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটির সদস্য ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ঝাড়খণ্ডের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে মোট ৪৪টি মামলা রয়েছে বলে দাবি তদন্তকারীদের। দীর্ঘদিন ধরে তাঁর সঙ্গে একটি AK-47 থাকার কথাও জানা যায়।
অন্যদিকে, শচীনের স্ত্রী মিতা শাহু ওরফে নয়নতারা, ঝুম্পা, পরি এবং নতুন নামেও পরিচিত। তাঁর বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামের সোনাচূড়া গ্রামে। বর্তমানে তিনি সিপিআই (মাওবাদী)-র পূর্ব সিংভূম এরিয়া কমিটির সদস্য ছিলেন বলে জানা গিয়েছে। ঝাড়খণ্ডে তাঁর বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। তাঁর মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা এবং তিনি ইনসাস রাইফেল ব্যবহার করতেন বলে পুলিশ সূত্রে খবর।
শচীনের বাবা সনাতন মাণ্ডি ছেলের আত্মসমর্পণের খবর পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন। তাঁর কথায়, বহু বছর ধরে ছেলের খোঁজ করেছেন তিনি। জীবনের শেষ সময়ে ছেলেকে সমাজের মূলস্রোতে ফিরে দেখতে চেয়েছিলেন। পুলিশ পরিবারের কাছে ছেলে ও বউমার ফিরে আসার খবর দেওয়ায় তাঁরা খুশি বলে জানিয়েছেন তিনি।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারের সন্তান রামপ্রসাদ স্কুলে পড়ার সময় থেকেই মাওবাদী মতাদর্শের প্রতি আকৃষ্ট হন। ২০০৬ সালে সরাসরি মাওবাদী সংগঠনে যোগ দেন তিনি। সেই সময় পুরুলিয়ার বান্দোয়ান লাগোয়া পূর্ব সিংভূমের বিভিন্ন এলাকায় সংগঠন বিস্তারের দায়িত্বে থাকা রঞ্জিত পাল ওরফে রাহুলের হাত ধরেই তাঁর মাওবাদী জীবনের শুরু।
অন্যদিকে, ২০০৭ সালে নন্দীগ্রাম আন্দোলনের সময় মাতঙ্গিনী মহিলা সমিতির সঙ্গে যুক্ত হন মিতা। পরবর্তীতে তিনি ঝাড়খণ্ডের ঘাটশিলায় মাওবাদীদের সশস্ত্র স্কোয়াডে যোগ দেন। পরে ডামপাড়া স্কোয়াড তৈরি হলে মিতাকে তার কমান্ডারের দায়িত্ব দেওয়া হয় বলে জানা গিয়েছে।
লালগড় আন্দোলনের সময় আলাদা স্কোয়াডে কাজ করতে করতেই শচীন ও মিতার পরিচয়। ঝাড়গ্রামের বেলপাহাড়ি স্কোয়াডে একসঙ্গে কাজ করার সময় তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। শচীন মাওবাদী নেতা কিষানজির ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলেও গোয়েন্দা সূত্রে দাবি করা হয়েছে।
গোয়েন্দা তথ্য অনুযায়ী, লালগড় পর্বে একাধিক নাশকতামূলক অভিযানে শচীনের ভূমিকা ছিল। সাঁকরাইল থানায় হামলা, শিলদা ইএফআর ক্যাম্পে হামলা এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কনভয়ে হামলার মতো ঘটনাতেও তাঁর নেতৃত্বের অভিযোগ রয়েছে। সাংগঠনিক দক্ষতার কারণে পরবর্তীতে তাঁকে বাংলা-ঝাড়খণ্ড-ওড়িশা আঞ্চলিক কমিটির সদস্য করা হয়।
পরে শচীন ও মিতার সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। ২০১০ সালে পুরুলিয়ার বান্দোয়ান থানার বুড়িঝোরের জঙ্গলে তাঁদের ‘কমরেড ম্যারেজ’ হয় বলে জানা যায়। ২০১১ সালে রাজ্যে সরকার পরিবর্তনের পর যৌথবাহিনীর অভিযানে কিষানজির মৃত্যুর পর মাওবাদীদের উপর চাপ আরও বাড়ে।
এরপর একাধিক অভিযানের মুখে এলাকা বদলাতে থাকে শচীন-মিতারা। ২০১৮ সালের পর দলমা পাহাড় থেকে সরাইকেলা-খরসোয়াঁ, কোলহান হয়ে পশ্চিম সিংভূমের দুর্গম সারান্ডা জঙ্গলে আশ্রয় নেন তাঁরা। সেখান থেকেই মাওবাদীদের পূর্বাঞ্চলীয় সাংগঠনিক কাঠামোর সঙ্গে যুক্ত ছিলেন বলে তদন্তকারীদের দাবি।
সাম্প্রতিক সময়েও যৌথবাহিনীর অভিযান থেকে বাঁচতে গভীর জঙ্গলে অবস্থান করছিলেন এই দম্পতি। চলতি বছরের এপ্রিলের শেষ সপ্তাহে বঙ্গ ব্রিগেড দলমা পাহাড়ের উদ্দেশে জঙ্গলের পথে অভিযান শুরু করে। দীর্ঘ পথ পেরিয়ে জুলাইয়ের শেষে দলমা পাহাড়ে ফিরে আসে বাহিনীর একটি দল। সেই অভিযানে বেশ কয়েকজনের গ্রেফতারির পরও শচীন ও মিতা নিরাপত্তাবাহিনীর নজর এড়িয়ে প্রায় এক মাস গোপন আস্তানায় ছিলেন বলে সূত্রের দাবি।
এরপর ঝাড়খণ্ড পুলিশের ধারাবাহিক অভিযান এবং মাওবাদী সংগঠনের উপর ক্রমবর্ধমান চাপের মধ্যেই আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গিয়েছে। দীর্ঘ ২০ বছরের সশস্ত্র জীবনের পর শচীন ও মিতার এই সিদ্ধান্তে স্বস্তি ফিরেছে বাংলা ও ঝাড়খণ্ড পুলিশের অন্দরে। কয়েক দিনের মধ্যেই তাঁদের আনুষ্ঠানিক আত্মসমর্পণের অপেক্ষায় রয়েছে প্রশাসন।



