উত্তর ২৪ পরগনার অশোকনগরে (Ashoknagar) এক তরুণ-তরুণীর রহস্যমৃত্যুকে কেন্দ্র করে শোকের পরিবেশ তৈরি হয়েছে। পরিবারের দাবি, ভিডিয়ো কলে কথা বলার সময়ই আত্মঘাতী হন প্রেমিক জিৎ বিশ্বাস। ফোনের অন্য প্রান্তে সেই দৃশ্য দেখার পর নিজের ঘরেই আত্মহত্যা করেন প্রেমিকা পূজা মণ্ডল। শুক্রবার অশোকনগরের ভুরকুন্ডা পঞ্চায়েত এলাকার সেনডাঙায় এই ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। দু’জনের বয়সই ছিল ১৮ বছর। কী কারণে এমন মর্মান্তিক পরিণতি, তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পূজা ও জিৎ একই স্কুলে পড়াশোনা করতেন। একই টিউশনেও যাতায়াত ছিল তাঁদের। বন্ধুদের দাবি, প্রায় চার থেকে পাঁচ বছর ধরে দু’জনের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে সেই সম্পর্ক নিয়ে জিৎ-এর পরিবারের আপত্তি ছিল বলে জানা যাচ্ছে। পারিবারিক আপত্তির কারণে তাঁদের মধ্যে কোনও মানসিক টানাপড়েন চলছিল কি না, তা এখনও স্পষ্ট নয়। তদন্তকারীরা সমস্ত দিক খতিয়ে দেখছেন।
ঘটনার দিন প্রথমে জিৎ পূজাকে ভিডিয়ো কল করেন বলে পরিবারের দাবি। সেই কথোপকথন চলাকালীনই জিৎ আত্মঘাতী হন বলে জানা গিয়েছে। ফোনের অপর প্রান্তে থাকা পূজা সেই দৃশ্য দেখেছিলেন বলে দাবি পরিবারের। এরপর কিছুক্ষণের মধ্যেই নিজের ঘরে চরম পদক্ষেপ করেন তিনিও।
পূজার দাদা দীপু মণ্ডলের বক্তব্য অনুযায়ী, ঘটনার সময় বাড়িতেই ছিলেন তাঁর বোন। তাঁর কথায়, পূজার আচরণে আগে থেকে কোনও অস্বাভাবিকতা নজরে আসেনি পরিবারের সদস্যদের। পরে তাঁর ঘরের দরজা দীর্ঘক্ষণ বন্ধ থাকায় সন্দেহ হয়। বারবার ডাকাডাকি করেও কোনও উত্তর না মেলায় দরজা ভেঙে ভিতরে ঢোকেন পরিবারের লোকজন। তখনই পূজাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান বলে জানিয়েছেন তিনি।
পরিবারের আরও দাবি, ঘরে ঢোকার সময় পূজার ফোনে হোয়াটসঅ্যাপ ভিডিয়ো কল চালু ছিল। ফোনের স্ক্রিনে জিৎ-এর ঝুলন্ত দেহ দেখতে পান তাঁরা বলে জানিয়েছেন পূজার দাদা। তবে ঠিক কী ঘটেছিল এবং দুই মৃত্যুর মধ্যে কীভাবে যোগসূত্র রয়েছে, তা তদন্ত ও ময়নাতদন্তের পরই পরিষ্কার হবে।
অন্যদিকে, পূজার মা জানিয়েছেন, মেয়ের প্রেমের সম্পর্কের বিষয়ে আগে কিছুই জানতেন না তিনি। পরে প্রতিবেশীদের কাছ থেকে বিষয়টি জানতে পারেন। তাঁর দাবি, পূজা উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। বিয়ে নিয়ে আলোচনা উঠলে পড়াশোনা শেষ করার পরেই বিয়ের কথা ভাববে বলে জানিয়েছিল মেয়ে। মেয়ের পছন্দের ছেলের সঙ্গে বিয়েতে পরিবারের আপত্তি ছিল না বলেও দাবি করেছেন তিনি। ফলে কী কারণে এমন ঘটনা ঘটল, তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।
পূজার এক বান্ধবীও জানিয়েছেন, তাঁদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত কিছু জানা ছিল না তাঁর। তবে দু’জনের মধ্যে দীর্ঘদিনের সম্পর্ক ছিল বলে শুনেছেন তিনি। জিৎ-এর পরিবারের আপত্তির বিষয়টি এবং সেই সূত্রে কোনও বিবাদের সম্ভাবনা ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
দুটি মৃত্যুর ঘটনায় সেনডাঙা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এখনও পর্যন্ত কোনও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি বলে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দু’জনের দেহ ময়নাতদন্তের জন্য বারাসতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তদন্তকারীরা।



