পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য একগুচ্ছ নতুন সুবিধার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার আরও ৭ লক্ষ ১৭১ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দ্বিতীয় কিস্তির ৬০ হাজার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। পাশাপাশি বাড়ি তৈরির খরচ কমাতে আবাস যোজনার উপভোক্তাদের জন্য বালির দাম ১২০০ টাকার মধ্যে রাখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বাড়ি নির্মাণে অতিরিক্ত প্রায় ৩০ হাজার টাকা পাওয়ার সুযোগ, শৌচালয় নির্মাণে আর্থিক সহায়তা এবং পিএম সূর্য ঘর যোজনায় ভর্তুকির সুবিধার কথাও জানিয়েছেন তিনি।
শুক্রবার নবান্নের সভাঘর থেকে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদানের কর্মসূচির সূচনা করেন মুখ্যমন্ত্রী। এই পর্যায়ে প্রত্যেক উপভোক্তার অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, নতুন করে ৭ লক্ষ ১৭১ জনের জন্য মোট প্রায় ৪২০১ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর আগে প্রায় ১০ লক্ষ ২০ হাজার উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছিলেন। সব মিলিয়ে দুই পর্যায়ে প্রায় ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির অর্থ পৌঁছনোর প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে।
বাড়ি তৈরির সামগ্রীর লাগামছাড়া দাম নিয়ে উদ্বেগ প্রকাশ করেন শুভেন্দু। তাঁর বক্তব্য, বালি, রড ও সিমেন্টের দাম অনেকটাই বেড়েছে। আবাস যোজনার বরাদ্দ অর্থে বাড়ি তৈরি করতে গিয়ে উপভোক্তাদের যাতে অতিরিক্ত সমস্যায় পড়তে না হয়, সে জন্য জেলাশাসকদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন তিনি। মুখ্যমন্ত্রীর নির্দেশ, এই প্রকল্পের উপভোক্তারা বাড়ি তৈরির জন্য যে বালি কিনবেন, তার দাম যেন ১২০০ টাকার বেশি না হয়।
কীভাবে মিলবে অতিরিক্ত ৩০ হাজার টাকা?
বাড়ি তৈরির কাজে উপভোক্তাদের অতিরিক্ত সহায়তার বিষয়টিও তুলে ধরেছেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, আবাস যোজনার উপভোক্তারা বাড়ি নির্মাণের কাজে ১০০ দিনের কাজের প্রকল্পের মাধ্যমে ৯০ দিনের শ্রমের মজুরি পাওয়ার সুযোগ পাবেন। এর ফলে প্রায় ৩০ হাজার টাকা অতিরিক্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই অর্থ সরাসরি আবাস যোজনার অনুদান নয়, শ্রমের মজুরি হিসেবে পাওয়ার কথা বলা হয়েছে।
শৌচালয় তৈরির জন্য স্বচ্ছ ভারত মিশনের অধীনে ১২ হাজার টাকা দেওয়ার কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। অর্থাৎ বাড়ি তৈরির পাশাপাশি পরিবারের জন্য শৌচালয়ের ব্যবস্থা করতেও আর্থিক সহায়তা পাবেন যোগ্য উপভোক্তারা।
পিএম সূর্য ঘর যোজনাতেও যুক্ত হওয়ার সুযোগ
আবাস যোজনার উপভোক্তাদের পিএম সূর্য ঘর যোজনার সুবিধা দেওয়ার বিষয়েও জেলাশাসক ও বিডিওদের প্রয়োজনীয় পদক্ষেপ করতে বলেছেন শুভেন্দু। তবে এই প্রকল্পে যুক্ত হওয়ার ক্ষেত্রে উপভোক্তাদের সম্মতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পিএম সূর্য ঘর যোজনায় সৌরবিদ্যুৎ ব্যবস্থা বসানোর ক্ষেত্রে বিদ্যুতের উৎপাদন ক্ষমতা অনুযায়ী ভর্তুকি রয়েছে। মুখ্যমন্ত্রীর ঘোষণায় বলা হয়েছে, ১ কিলোওয়াট ব্যবস্থায় ৩০ হাজার টাকা, ২ কিলোওয়াটে ৬০ হাজার টাকা এবং ৩ কিলোওয়াট বা তার বেশি ক্ষমতার ব্যবস্থায় ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যেতে পারে। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত উপভোক্তাদের জন্য রাজ্যের তরফে অতিরিক্ত ১৫ হাজার টাকা সহায়তার কথাও জানিয়েছেন তিনি।
১৭ লক্ষের বেশি উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা
আগের তৃণমূল সরকারের আমলে ‘বাংলার বাড়ি’ নামে চালু হয়েছিল এই আবাসন প্রকল্প। রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রকল্পটির নাম হয়েছে ‘পশ্চিমবঙ্গ আবাস যোজনা’। শুক্রবারের কর্মসূচির মাধ্যমে আরও ৭ লক্ষের বেশি উপভোক্তার কাছে দ্বিতীয় কিস্তির টাকা পৌঁছনোর উদ্যোগ নেওয়া হল।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজনৈতিক পালাবদলের পরেও উপভোক্তারা দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না বলে যে আশঙ্কা তৈরি হয়েছিল, তা সত্যি হয়নি। তাঁর দাবি, সব মিলিয়ে প্রায় ১৭ লক্ষ ২০ হাজার উপভোক্তা প্রকল্পের দ্বিতীয় কিস্তির টাকা পেয়েছেন।
পাশাপাশি প্রকল্পের উপভোক্তা তালিকা যাচাইয়ের সময় অনিয়মের অভিযোগও তুলেছেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য অনুযায়ী, যাচাইয়ে বহু অযোগ্য উপভোক্তার নাম সামনে এসেছে। তাঁদের মধ্যে যাঁরা নিয়মবহির্ভূতভাবে টাকা পেয়েছেন, তাঁদের অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
সব মিলিয়ে আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা দেওয়ার পাশাপাশি বাড়ি নির্মাণের খরচ কমানো, শৌচালয় তৈরি এবং সৌরবিদ্যুতের সুবিধা দেওয়ার উদ্যোগের কথা জানিয়েছে রাজ্য সরকার। তবে বালি নির্ধারিত দামে পাওয়া, অতিরিক্ত শ্রমের মজুরি এবং সৌরবিদ্যুতের ভর্তুকি পেতে উপভোক্তাদের সংশ্লিষ্ট প্রকল্পের নিয়ম ও যোগ্যতার শর্ত পূরণ করতে হবে।



