ঘরোয়া ক্রিকেটে দেশের তারকা ক্রিকেটারদের ফেরাতে কড়া অবস্থান নিয়েছে BCCI। সেই নির্দেশ মেনেই বিরাট কোহলি, রোহিত শর্মা, ঋষভ পন্থ ও শুবমান গিল-দের দেখা যাবে বিজয় হাজারে ট্রফি-তে। তবে কোহলির প্রত্যাবর্তন ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল, তা আপাতত হতাশায় বদলাতে পারে।
প্রথমে এই টুর্নামেন্টে খেলতে অনীহা থাকলেও শেষ পর্যন্ত দিল্লির হয়ে নামতে রাজি হয়েছেন কোহলি। প্রথম ম্যাচে অন্ধ্রপ্রদেশের বিরুদ্ধে তাঁর খেলার কথা। দিল্লির ম্যাচ হলেও ভেন্যু নির্ধারিত হয়েছে বেঙ্গালুরুতে—কোহলির আইপিএল দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়াম-এ।
কিন্তু ভক্তদের জন্য খারাপ খবর—এই ম্যাচটি ক্লোজ়ড-ডোর হতে পারে বলে একাধিক রিপোর্টে দাবি। অর্থাৎ মাঠে বসে কোহলির খেলা দেখার সুযোগ পাবেন না সমর্থকেরা। কর্নাটক সরকারের তরফে নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে।
সূত্রের খবর, আরসিবির আইপিএল ট্রফি জয়ের পর উদ্যাপনের সময়ে বেঙ্গালুরুতে পদপিষ্টের ঘটনার স্মৃতি এখনও তাজা প্রশাসনের কাছে। তার উপর, অতীতে দিল্লির হয়ে ঘরোয়া ক্রিকেটে কোহলি ফেরার সময় স্টেডিয়ামের বাইরে বিপুল ভিড় জমেছিল। সেই অভিজ্ঞতা থেকেই ঝুঁকি নিতে চাইছে না Karnataka Government।
প্রথমে কর্নাটক ক্রিকেট সংস্থার তরফে সীমিত সংখ্যক দর্শকের জন্য দু’তিনটি স্ট্যান্ড খোলার প্রস্তাব দেওয়া হলেও তাতে সায় দেয়নি রাজ্য সরকার। ছুটির মরশুমে ভিড় নিয়ন্ত্রণ ও নিরাপত্তা বজায় রাখা কঠিন হবে—এই যুক্তিতে দর্শক প্রবেশ পুরোপুরি বন্ধ রাখার নির্দেশ দেওয়া হতে পারে।
সোমবার স্টেডিয়াম পরিদর্শন করে পুলিশের আধিকারিক, পাবলিক ওয়ার্কস এবং ফায়ার সেফটি দফতরের প্রতিনিধিদের নিয়ে একটি কমিটি পরিস্থিতি খতিয়ে দেখেছে। এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত মঙ্গলবার জানানো হতে পারে।
সব মিলিয়ে, ঘরোয়া ক্রিকেটে বিরাট কোহলির প্রত্যাবর্তন নিশ্চিত হলেও মাঠে বসে তাঁর ব্যাটিং দেখার স্বপ্ন আপাতত অধরাই থেকে যেতে পারে।



