মাস্ট-উইন ম্যাচে হার মানতেই সব শেষ। নকআউটের ক্ষীণ আশাও আর বাঁচল না বাংলার। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্বের শেষ ম্যাচে উত্তরপ্রদেশের কাছে ৫ উইকেটে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেল মহম্মদ সামি–অভিমন্যু ঈশ্বরনের বাংলা। রাজকোটে বৃহস্পতিবারের ম্যাচে একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন ধ্রুব জুরেল—তাঁর দুরন্ত সেঞ্চুরির সামনে দাঁড়াতে পারল না বাংলা।
উত্তরপ্রদেশের বিরুদ্ধে এই ম্যাচ জিতলে অন্য ম্যাচের ফলের উপর নির্ভর করে নকআউটে যাওয়ার ক্ষীণ সম্ভাবনা থাকত বাংলার। কিন্তু ব্যাটিং ব্যর্থতা ও পরে জুরেলের আগ্রাসী ইনিংস সব হিসেব ওলটপালট করে দেয়।
বাংলার ব্যাটিং বিপর্যয়
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উত্তরপ্রদেশ। শুরুটা মন্দ না হলেও বড় ইনিংস খেলতে পারেননি অধিনায়ক Abhimanyu Easwaran—১১ বলে ২৮ রানের ঝলমলে ইনিংসেই থামতে হয় তাঁকে। দ্রুত ফিরেন করণ লাল (৫) ও অনুষ্টুপ মজুমদার (১৩)। ৬১/৩ অবস্থায় চাপের মুখে পড়ে বাংলা।
সেই সময় ইনিংস সামাল দেন সুদীপ কুমার ঘরামি ও শাহবাজ় আহমেদ। চতুর্থ উইকেটে তাঁদের ৮৯ রানের জুটি কিছুটা ভরসা জাগায়। শাহবাজ় ৫৪ বলে ৪৩ করে আউট হলেও একপ্রান্তে লড়াই চালিয়ে যান সুদীপ। কিন্তু তিনি ফেরার পর আর তেমন সহায়তা পাননি।
সেঞ্চুরি হাতছাড়া করে ১০৬ বলে ৯৪ রান করে আউট হন সুদীপ। তাঁর ইনিংসে ছিল ১২টি চার ও ১টি ছক্কা। শেষদিকে আটে নেমে আকাশ দীপের ১৬ বলে ঝোড়ো ৩৩ রানে ভর করে ২৬৯ রানে অলআউট হয় বাংলা।
জুরেলের সেঞ্চুরিতে একপেশে লড়াই
২৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়ন্ত্রণ নেয় উত্তরপ্রদেশ। ওপেনার আরিয়ান জুয়াল ৬৫ বলে ৫৬ রান করে ভিত গড়ে দেন। তবে আসল ক্ষতি করেন তিন নম্বরে নামা Dhruv Jurel।
৯৬ বলে ১২৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন জুরেল। নয়টি চার ও পাঁচটি ছক্কায় সাজানো এই ইনিংস একাই বাংলার ম্যাচ জয়ের সব আশা শেষ করে দেয়। শেষদিকে অধিনায়ক Rinku Singh ৩৭ রানে অপরাজিত থেকে ৪২.২ ওভারেই দলকে জিতিয়ে দেন।
বাংলার বোলারদের মধ্যে তেমন প্রভাব ফেলতে পারেননি কেউই। সৈয়দ মুস্তাক আলি ট্রফির পর বিজয় হাজারেতেও ব্যর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করল বাংলা।



