নজরবন্দি ব্যুরো: ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ তুলে থানার দ্বারস্থ হয়েছে এক তরুণী। বুধবার নিউটাউন থানায় জিরো এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ খতিয়ে দেখবে বলে খবর। এই ঘটনায় ভাঙড়ের বিধায়কের প্রতিক্রিয়া কী?
আরও পড়ুন: ‘চোর-ডাকাতদের টিকিট দিয়েছে’, ভোটের মুখেই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল বিধায়ক
সূত্রে খবর, অভিযোগকারিণী তরুণীর দাবি, নওশাদ সিদ্দিকি তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘদিন সহবাস করেছেন। শারীরিক নির্যাতনের অভিযোগ তোলা হয়েছে। তবে নওশাদের সঙ্গে কোথায়, কীভাবে পরিচয় হয়েছে এবিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি। এনিয়ে তরুণীর বক্তব্য, “যা জানার নওশাদের কাছে প্রশ্ন করে নিন।” জানা গিয়েছে, অভিযোগকারিণী বিমানবন্দর থানা এলাকার বাসিন্দা। আজ নিউটাউন থানায় জিরো এফআইআর করা হয়েছে। পরে তা বিমানবন্দর থানায় পাঠিয়ে দেওয়া হবে বলেই খবর।

এদিকে তরুণীকে নিউটাউন থানায় নিয়ে আসেন তৃণমূল নেতা সব্যসাচী দত্ত। তাঁর কথায়, তরুণী সংখ্যালঘু পরিবারের হলেও উচ্চশিক্ষিতা। গত কয়েকদিন ধরেই অভিযোগ করছিলেন। বিধায়কের বিরুদ্ধে এই অভিযোগ করেছেন। আইন আইনের পথে চলবে। অভিযোগ সত্যি নাকি মিথ্যে পুলিশ তদন্ত করে দেখুক। এই ঘটনায় এখনও পর্যন্ত আইএসএফ বিধায়কের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

উল্লেখ্য, কয়েকমাস আগেই আইএসএফের প্রতিষ্ঠা দিবস ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে নওশাদের নির্বাচনী কেন্দ্র ভাঙড়। সংঘর্ষে জড়িয়ে পড়েন বিধায়ক সহ আইএসএফের কর্মী-সমর্থকরা। সেইসময়ে গ্রেফতার করা হয়েছিল নওশাদ সিদ্দিকিকে। ৪২ দিনের জেল কাটিয়ে জামিনে মুক্ত হন ভাঙড়ের বিধায়ক।
Nawshad Siddiqui-র বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ, থানার দ্বারস্থ তরুণী




