নজরবন্দি ব্যুরোঃ বৃহস্পতিবার পাঁচ রাজ্যের ফলাফলে চার রাজ্যে ক্ষমতায়ন হয়েছে বিজেপির। অন্যদিকে পাঞ্জাবে অভূতপূর্ব জয়ে ক্ষমতায় উঠে এসেছে আম আদমি পার্টি। অরবিন্দ কেজরিওয়ালের এই জয়কে বিশেষ গুরুত্ব দিতে চাইছে রাজনৈতিক মহল। কারণ, কংগ্রেসের ছন্দপতনের মাঝে আপের উত্থান জাতীয় রাজনীতির সমীকরণ আগামী দিনে বদলে দিতে পারে। এমনটাই আন্দাজ রাজনৈতিক মহলের। তাহলে কী আগামী দিনে দেশে বিজেপির প্রধান বিরোধী শক্তি আপ? প্রশ্ন খুঁজে বেড়াচ্ছেন বিজেপি বিরোধী শিবিরের নেতারা।
আরও পড়ুনঃ সফল অস্ত্রোপচার হল মদনের, আপাতত ডাক্তারদের পর্যবেক্ষণে তৃণমূল নেতা
বাংলায় বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ের রথ আটকে দেওয়ার পর একই প্রশ্ন উঠতে শুরু করেছিল তৃণমূলকে ঘিরে। খানিকটা সেই পালে হাওয়া লাগিয়ে আগামী দিনে জাতীয় রাজনীতিতে প্রস্তুতি শুরু করছিল তৃণমূল। ত্রিপুরা থেকে শুরু হয়ে তাঁদের যাত্রা। গোয়া নির্বাচনে প্রার্থী দিলেও জয় আসেনি। বরং বিজেপির সঙ্গে জোট করে সরকার গঠনের জন্য প্রস্তুত মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি। এমত অবস্থায় ঘাসফুল নেতৃত্বের অবস্থান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এরই মধ্যে গোয়ায় ২ টি আসনে এগিয়ে থেকেও আলোচনার অলিন্দে চলে এসেছে অরবিন্দের দল।

তবে পাঞ্জাব নির্বাচনে আম আদমি পার্টির জয়কে বিশেষ গুরুত্ব দিচ্ছে রাজনৈতিক মহল। কারণ, বিপুল ভোটে জয়লাভ আগামী দিনে জাতীয় রাজনীতিতে কেজরিওয়ালের পদক্ষেপকে প্রশস্ত করবে বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লি পেরিয়ে পাঞ্জাব হয়ে আগামী দিনে আপের যাত্রা গুজরাতের দিকেও হতে পারে। সেটা বিজেপির জন্য চ্যালেঞ্জিং হয়ে দাঁড়াবে।
অন্যদিকে, গত কয়েক দফার একাধিক রাজ্যের নির্বাচনে কংগ্রেসের অবস্থান আরও সংকুচিত হয়েছে। একাধিক রাজ্যে তাঁদের অস্তিত্ব সংকট দেখা দিয়েছে। তাই বিজেপির প্রধান বিরোধী দল হিসাবে এখন আদমি পার্টিকেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। শুধুমাত্র উত্তর ভারতে আম আদমির প্রসার বিজেপির জন্য চিন্তার কারণ হবে? তা নিয়ে এখনই কিছু বলতে নারাজ গেরুয়া শিবির।
দেশে বিজেপির প্রধান বিরোধী শক্তি আপ? প্রশ্ন রাজনৈতিক মহলের

২৪ এর নির্বাচনকে সামনে রেখে মোদি বিরোধী মুখ কী কেজরিওয়াল? বিরোধী শিবিরের পক্ষ থেকে এই উত্তর মেলেনি। স্পষ্ট করে এই বার্তা দেননি মমতা বন্দ্যোপাধ্যায়ও। তবে দুই পক্ষের মতে সকলে মিলে একজোট হয়ে কাজ করলে বিজেপিকে পরাস্ত করা সম্ভব।



