বেআইনি মাদ্রাসায় ‘জিরো টলারেন্স’, কড়া বার্তা মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

বেআইনি মাদ্রাসা নিয়ে কড়া অবস্থান নিল রাজ্যের নতুন বিজেপি সরকার। নিয়ম না মানলে ভেঙে ফেলার হুঁশিয়ারি মন্ত্রী ক্ষুদিরাম টুডুর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

রাজ্যে বেআইনি মাদ্রাসা ও সরকারি জমি দখলের বিরুদ্ধে কড়া অবস্থান নিল নতুন বিজেপি সরকার। শনিবার বর্ধমানে গিয়ে স্পষ্ট ভাষায় ‘জিরো টলারেন্স’ নীতির কথা ঘোষণা করলেন রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। তাঁর হুঁশিয়ারি, বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। তারপরও যদি চালু থাকে, তাহলে বুলডোজার চালিয়ে তা ভেঙে ফেলা হবে।

শনিবার বর্ধমানে নিজের বাড়িতে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ক্ষুদিরাম টুডু বলেন, “কোনও বেআইনি কাজ বরদাস্ত করা হবে না। সরকারি জমি দখল করে থাকলে তা উদ্ধার করা হবে। প্রয়োজনে বুলডোজার চালিয়ে উচ্ছেদ করা হবে।”

মন্ত্রী দাবি করেন, আগের সরকারের আমলে বিভিন্ন সরকারি দফতরে দুর্নীতি ও অনিয়মের ‘ঘুঘুর বাসা’ তৈরি হয়েছিল। তাঁর কথায়, “বিভিন্ন দফতরে ঘুঘুর বাসা রয়েছে। সেগুলো ভেঙে দেওয়া হবে। সাবধান হয়ে যান, জামা পাল্টে ফেলুন।”

এই প্রসঙ্গেই বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে কড়া অবস্থানের কথা জানান তিনি। ক্ষুদিরাম টুডুর স্পষ্ট বক্তব্য, “বেআইনি মাদ্রাসা বন্ধ করা হবে। তারপরও চালু থাকলে অভিযান চালিয়ে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হবে।”

রাজনৈতিক মহলের মতে, বিজেপি শাসিত উত্তর প্রদেশ এবং আসামে-এ বেআইনি মাদ্রাসার বিরুদ্ধে প্রশাসনিক পদক্ষেপের পর এবার পশ্চিমবঙ্গেও সেই ধরনের নীতির ইঙ্গিত দিল নতুন সরকার।

উত্তরপ্রদেশ ও অসমে গত কয়েক বছরে একাধিক অননুমোদিত মাদ্রাসা গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় জাতীয় স্তরে বিতর্কও তৈরি হয়েছিল। এবার পশ্চিমবঙ্গেও একই ধরনের পদক্ষেপ হতে পারে কি না, তা নিয়েই জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

মন্ত্রী অবশ্য দাবি করেছেন, সরকারের লক্ষ্য ‘নতুন পশ্চিমবঙ্গ’ গড়ে তোলা। তাঁর বক্তব্য, আইন মেনে চলা সব প্রতিষ্ঠানই নিরাপদ থাকবে, কিন্তু বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে কোনও রকম ছাড় দেওয়া হবে না।

যদিও বিরোধীদের একাংশ ইতিমধ্যেই এই মন্তব্যকে ‘রাজনৈতিক বার্তা’ বলে কটাক্ষ করেছে। তবে প্রশাসনিক সূত্রে ইঙ্গিত, অননুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান ও সরকারি জমি দখল নিয়ে শিগগিরই বড়সড় অভিযান শুরু হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত