নজরবন্দি ব্যুরোঃ শহরের ঝলমলে আকাশ। কেটে গিয়েছে দুর্যোগের কালো মেঘ। যদিও মাঝেমধ্যে উঁকি হালকা মেঘে ঢাকছে সূর্য। উত্তরবঙ্গে ভারী-অতি ভারী বৃষ্টি। নদীর জলস্তর বাড়বে। নিচু এলাকা প্লাবিত হতে পারে। দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি। জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে দক্ষিণবঙ্গে। কলকাতায় আজ আংশিক মেঘলা আকাশ। সকাল থেকেই অস্বস্তিকর আবহাওয়া। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।
আরও পড়ুনঃ অভিষেককে ইডির তলব আসলে স্ক্রিপ্টেড, কটাক্ষ মহম্মদ সেলিমের


আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫৮-৯২ শতাংশ। বৃষ্টি হয়নি।

মুষলধারে বৃষ্টিতে ভাসবে পাহাড়, এদিকে গরম বাড়বে সমতলে। দক্ষিণবঙ্গে আগামীকাল থেকে ফের বৃষ্টি বাড়বে বলে জানা গেছে। তবে একটানা বৃষ্টি হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Weather)। বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
যত পুজো এগিয়ে আসছে তত আবহাওয়ার মতিগতি বদলে যাচ্ছে। মরশুমের শুরু থেকে সেভাবে বৃষ্টিপাত হয়নি দক্ষিণবঙ্গে। কিন্তু, পুজো যত এগিয়ে আসছে তত বদলে যাচ্ছে আবহাওয়া। একাধিক নিম্নচাপের দরুন বৃষ্টিপাত হচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। তবে কি পুজোর আগে বৃষ্টিতে ভাসবে দক্ষিণবঙ্গ? এই প্রশ্নের জবাবে আবহাওয়াবিদরা জানাচ্ছেন, এখনই পুজোর আবহাওয়া প্রসঙ্গে বলা সম্ভব নয়।


আগামী ৩-৪ দিন উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা। অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়ে আগামী কয়েকদিন অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী-অতি ভারী বৃষ্টি বিক্ষিপ্তভাবে হবে নাগাল্যান্ড, মনিপুর, মিজোরাম ও ত্রিপুরায়। আগামী ৩-৪ দিন সিকিম ও উত্তরবঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী-অতি ভারী বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। দক্ষিণ ভারতেও বৃষ্টি বাড়বে আগামী কয়েক দিন। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে ভারী-অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা কর্ণাটক, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, কেরল ও মাহেতে।
পুজোর আগেই বদলাবে আবহাওয়া, ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে

মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। পাশাপাশি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দার্জিলিং এবং কোচবিহার জেলায়। এছাড়াও বুধবার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কালিম্পং, জলপাইগুড়ি , আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার থেকে বদলাবে আবহাওয়া। উল্লেখ্য, এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গ থেকে সরে গিয়েছে এবং তা অবস্থান করছে উত্তরবঙ্গে হিমালয় সংলগ্ন এলাকায়।







