বৃহত্তম দল টিভিকে, তবু সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন দূরে! কার সমর্থনে সরকার গড়বেন থলপতি বিজয়?

১০৮ আসন পেয়ে একক বৃহত্তম দল হলেও সংখ্যাগরিষ্ঠতা থেকে ১০ আসন দূরে টিভিকে; কংগ্রেস, পিএমকে-র সমর্থনের জল্পনা, তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও বাকি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রথম নির্বাচনে ঝড় তুলে একক বৃহত্তম দল—তবু ম্যাজিক নম্বর থেকে ১০ আসন দূরে। তামিলনাড়ুর রাজনীতিতে এখন একটাই প্রশ্ন—কার হাত ধরেই বা সরকার গড়বেন অভিনেতা থেকে নেতা হয়ে ওঠা ‘থলপতি’ বিজয়? সংখ্যার অঙ্ক, জোটের সমীকরণ আর রাজনৈতিক অবস্থান—সব মিলিয়ে রাজ্যজুড়ে তীব্র জল্পনা।

২৩৪ আসনের তামিলনাড়ু বিধানসভায় বিজয়ের দল টিভিকে ১০৮টি আসনে জয়ী হয়ে চমক দেখিয়েছে। তবে সরকার গড়তে প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতার জন্য এখনও ১০ বিধায়কের সমর্থন দরকার। এই পরিস্থিতিতে দ্রুত রাজনৈতিক তৎপরতা শুরু করেছেন বিজয়।

মঙ্গলবার রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নিয়েছেন তিনি। সূত্রের খবর, তার আগে দলের নবনির্বাচিত বিধায়কদের সঙ্গে বৈঠক করে কৌশল চূড়ান্ত করবেন। একইসঙ্গে ছোট দলগুলির সঙ্গে যোগাযোগও শুরু হয়ে গেছে।

রাজনৈতিক মহলে জোর আলোচনা, কংগ্রেস এবং পিএমকে ইতিমধ্যেই টিভিকে-কে সমর্থনের প্রস্তাব দিয়েছে। কংগ্রেসের হাতে রয়েছে ৫টি আসন, আর পিএমকে পেয়েছে ৪টি—দুই দল একসঙ্গে এলে সংখ্যার ঘাটতি প্রায় পূরণ হয়ে যেতে পারে। তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা।

অন্যদিকে বাম দলগুলি এখনও তাদের অবস্থান স্পষ্ট করেনি। ভিসিকে ও ডিএমডিকে-র মতো আঞ্চলিক শক্তিগুলিও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ফলে জোটের অঙ্কে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

তামিলনাড়ুর পুরনো শক্তি ডিএমকে-র নেতৃত্বাধীন জোট ৭৩টি আসন নিয়ে দ্বিতীয় স্থানে। এডিএমকে-বিজেপি জোট পেয়েছে ৫৩টি আসন। রাজনৈতিক সূত্রে খবর, এডিএমকে-ও নাকি জোটের সম্ভাবনা খতিয়ে দেখেছিল। তবে বিজেপির সঙ্গে তাদের জোট এবং বিজেপিকে ‘নীতিগত শত্রু’ হিসেবে বিজয়ের অবস্থান—এই সমীকরণকে জটিল করে তুলেছে।

ফলে এখন সবচেয়ে বড় প্রশ্ন—নীতির প্রশ্নে আপস না করে কি সংখ্যার অঙ্ক মেলাতে পারবেন বিজয়? নাকি নতুন কোনও অপ্রত্যাশিত সমীকরণ তৈরি হবে তামিলনাড়ুর রাজনীতিতে—তার উত্তর মিলবে আগামী কয়েক দিনের মধ্যেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত