কালই মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা? পরিষদীয় দলের বৈঠকের জন্য রাজ্যে আসছেন রাজনাথ

বাংলায় বিজেপির জয়ের পর মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে তুঙ্গে জল্পনা, রাজনাথ সিংয়ের উপস্থিতিতে মঙ্গলবারের বৈঠকেই চূড়ান্ত হতে পারে সিদ্ধান্ত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বাংলায় ঐতিহাসিক জয়ের পর সরকার গঠনের প্রক্রিয়ায় গতি আনছে বিজেপি। একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর এখন সবচেয়ে বড় প্রশ্ন—কে হচ্ছেন রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী? এই জল্পনার মধ্যেই মঙ্গলবার রাজ্যে আসছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তাঁর উপস্থিতিতেই অনুষ্ঠিত হবে পরিষদীয় দলের গুরুত্বপূর্ণ বৈঠক, যেখানে চূড়ান্ত হতে পারে মুখ্যমন্ত্রীর নাম।

দলীয় সূত্রে খবর, বিধায়ক দল বৈঠকের পরেই নির্বাচিত নেতাকে নিয়ে রাজ্যপালের কাছে গিয়ে সরকার গঠনের দাবি জানানো হবে। ফলে রাজনৈতিক মহলের নজর এখন পুরোপুরি সেই বৈঠকের দিকে, যেখানে নির্ধারিত হবে বাংলার নতুন নেতৃত্ব।

২০২১ সালে ব্যর্থতার পর এবার ২০২৬-এ ঘুরে দাঁড়িয়ে বাংলার ক্ষমতা দখল করেছে বিজেপি। দীর্ঘদিনের প্রস্তুতি, সংগঠন মজবুত করা এবং তৃণমূলের বিরুদ্ধে তীব্র রাজনৈতিক লড়াই—সব মিলিয়ে এই জয়ের ভিত্তি তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। ফলে এবার সরকার গঠনের ক্ষেত্রে কোনও রকম দেরি করতে চাইছে না দল।

মুখ্যমন্ত্রীর দৌড়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই জয়ের অন্যতম স্থপতি হিসেবে ধরা হচ্ছে তাঁকে। নন্দীগ্রাম থেকে শুরু করে ভবানীপুর—দুই কেন্দ্রেই তাঁর সাফল্য রাজনৈতিক গুরুত্ব বহন করছে। বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি চ্যালেঞ্জ করে জয়ের ফলে তাঁর গ্রহণযোগ্যতা দলের ভিতরে আরও বেড়েছে।

তবে শুভেন্দুর সামনে কিছু রাজনৈতিক সীমাবদ্ধতাও রয়েছে। তিনি ‘আদি বিজেপি’ নন এবং আরএসএসের সঙ্গে তাঁর সরাসরি যোগ নেই—এই বিষয়টি সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন অনেকে।

এদিকে, বিজেপির সাম্প্রতিক রাজনৈতিক কৌশল দেখলে চমকের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। মধ্যপ্রদেশে মোহন যাদব, রাজস্থানের ভজনলাল শর্মা, ওড়িশার মোহনচরণ মাঝি বা ছত্তিশগড়ের বিষ্ণুদেব সাই- এই নেতাদের মতো তুলনামূলক কম পরিচিত মুখকেও মুখ্যমন্ত্রী করা হয়েছে। সেই নজির মাথায় রেখে বাংলাতেও নতুন কোনও মুখ সামনে আসতে পারে বলে জল্পনা তুঙ্গে।

সব মিলিয়ে, মঙ্গলবারের বৈঠকই হতে চলেছে নির্ণায়ক। বাংলার রাজনীতিতে নতুন অধ্যায় শুরু হওয়ার আগে এখন শুধু সময়ের অপেক্ষা—কার হাতে উঠবে রাজ্যের শাসনভার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত