ভুয়ো সমর্থনপত্র বিতর্কে চাপে বিজয়, থালাপতির বিরুদ্ধে FIR তামিলনাড়ুতে

তামিলনাড়ুতে সরকার গঠন ঘিরে নাটক তুঙ্গে। ভুয়ো সমর্থনপত্র জমা দেওয়ার অভিযোগে অভিনেতা-রাজনীতিক বিজয়ের বিরুদ্ধে দায়ের হল এফআইআর।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

তামিলনাড়ুর রাজনৈতিক নাটক যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না। ভোটের ফল ঘোষণার পাঁচ দিন পরেও সরকার গঠন নিয়ে জট কাটেনি। এর মধ্যেই নতুন করে বিতর্কে জড়ালেন টিভিকে প্রধান তথা অভিনেতা-রাজনীতিক বিজয়। অভিযোগ, সংখ্যাগরিষ্ঠতার দাবি প্রমাণ করতে গিয়ে তিনি রাজ্যপালের কাছে ভুয়ো সমর্থনপত্র জমা দিয়েছেন। এই অভিযোগেই তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। ফলে সরকার গঠনের দৌড়ের মাঝেই আইনি সঙ্কটে পড়লেন ‘থালাপতি’।

শুক্রবার রাতেই বিজয়ের দল দাবি করেছিল, সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ১১৮ জন বিধায়কের সমর্থন তাদের হাতে রয়েছে। সেই দাবি সামনে আসতেই জোর জল্পনা শুরু হয়— শনিবারই হয়তো মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন বিজয়। কিন্তু কিছু ক্ষণের মধ্যেই লোকভবন সূত্রে খবর মেলে, মৌখিক দাবি করা হলেও প্রয়োজনীয় লিখিত সমর্থনের প্রমাণ দেখাতে পারেনি টিভিকে।

এর পরই বিস্ফোরক অভিযোগ আনেন আম্মা মাক্কাল মুন্নেত্রা কাজাঘামের (এএমএমকে) সাধারণ সম্পাদক টিটিভি দীনাকরণ। তাঁর দাবি, দলের একমাত্র বিধায়ক এস কামরাজের নামে একটি ভুয়ো সমর্থনপত্র রাজ্যপালের কাছে জমা দেওয়া হয়েছে। দীনাকরণের স্পষ্ট বক্তব্য, তাঁর দলের বিধায়ক মোটেই বিজয়ের দলকে সরকার গঠনের জন্য সমর্থন করেননি।

যদিও এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে টিভিকে। পাল্টা একটি ভিডিয়ো প্রকাশ করেছে বিজয়ের দল। সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে বলে দাবি করা হয়েছে, কামরাজ নিজে সমর্থনপত্রে সই করেছেন এবং দীনাকরণও তাতে সম্মতি দিয়েছেন। যদিও ভিডিয়োটির সত্যতা এখনও স্বাধীনভাবে যাচাই করা হয়নি।

এ বারের নির্বাচনে ডিএমকে এবং এডিএমকের মতো দুই প্রধান দ্রাবিড় শক্তিকে টেক্কা দিয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজয়ের দল। কিন্তু একক সংখ্যাগরিষ্ঠতা না থাকায় সরকার গঠনের অঙ্ক এখনও অনিশ্চিত। রাজনৈতিক সূত্রের খবর, বিজয় যখন সমর্থন জোগাড়ে ব্যস্ত, তখন ডিএমকের সমর্থনে এডিএমকেও সরকার গঠনের চেষ্টা শুরু করেছে। বাম দলগুলির সমর্থন আদায়ের চেষ্টাও চলছে জোরকদমে।

অন্য দিকে কংগ্রেসের অভিযোগ, রাজ্যপাল এবং বিজেপি একযোগে বিজয়কে মুখ্যমন্ত্রী হওয়ার পথ থেকে সরানোর চেষ্টা করছে। তাদের দাবি, তামিলনাড়ুতে এনডিএর প্রভাব বাড়াতেই এই রাজনৈতিক কৌশল নেওয়া হচ্ছে।

এই পরিস্থিতির মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন টিভিকের এক নেতা। তাঁর আবেদন, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজয়কেই সরকার গঠনের ডাক দেওয়া হোক। ফলে রাজনৈতিক অনিশ্চয়তা, আইনি লড়াই এবং জোট-অঙ্ক— সব মিলিয়ে তামিলনাড়ুর ক্ষমতার লড়াই এখন চরম নাটকীয় মোড়ে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত