রেজাল্ট বেরোতেই বদলার আগুনে জ্বলে উঠল বাংলা! জেলায় জেলায় হামলা, ভাঙচুর, দখলের অভিযোগ

ভোটের ফল ঘোষণার পর রাজ্যের একাধিক জেলায় শুরু হয়েছে হামলা, ভাঙচুর ও সংঘর্ষের অভিযোগ; রাজনৈতিক তরজা চরমে, আতঙ্কে সাধারণ মানুষ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটের ফল ঘোষণা হতেই উত্তপ্ত হয়ে উঠল গোটা পশ্চিমবঙ্গ। শান্তিপূর্ণ ভোটগ্রহণের পর সোমবার ফল প্রকাশের সঙ্গে সঙ্গেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসতে শুরু করেছে হামলা, ভাঙচুর, দখল এবং রাজনৈতিক সংঘর্ষের একের পর এক অভিযোগ। উত্তর থেকে দক্ষিণ—গ্রাম থেকে শহর—প্রায় সর্বত্রই অশান্তির খবর, যার জেরে আতঙ্কে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ।

প্রাথমিকভাবে বিচ্ছিন্ন ঘটনা মনে হলেও সময় গড়াতেই স্পষ্ট হয়েছে, একাধিক জেলায় ছড়িয়ে পড়েছে এই অশান্তি। কোথাও দলীয় কার্যালয়ে হামলা, কোথাও ব্যক্তিগত বাড়িতে চড়াও, আবার কোথাও বিজয় মিছিল ঘিরে সংঘর্ষ—সব মিলিয়ে ভোট-পরবর্তী পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে প্রশাসনিক মহলেও।

🔴 কোথায় কোথায় অশান্তি ছড়াল (জেলা অনুযায়ী চিত্র)

📍 উত্তর ২৪ পরগনা (মিনাখাঁ)
তৃণমূল জয়ের পরেও পরিস্থিতি শান্ত হয়নি। পঞ্চায়েত সদস্য মহুয়া সরদার মাইতির অভিযোগ, ফল ঘোষণার রাতেই তাঁর বাড়িতে হামলা চালানো হয়। মারধর, ভাঙচুর, এমনকি পরিবারের সদস্যদের হেনস্তার অভিযোগ উঠেছে। থানায় অভিযোগ দায়ের হয়েছে।

📍 জলপাইগুড়ি
টাউন স্টেশন সংলগ্ন তৃণমূল কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সিসিটিভিতে হামলার দৃশ্য ধরা পড়েছে বলে দাবি। ডাবগ্রাম-ফুলবাড়ি এলাকাতেও দলীয় অফিসে ভাঙচুর ও আগুন লাগানোর অভিযোগ সামনে এসেছে।

📍 পশ্চিম মেদিনীপুর
তৃণমূলের প্রাক্তন জেলা সভাপতি বিশ্বনাথ পাণ্ডব ও কাউন্সিলর লিপকা পাণ্ডবের উপর হামলার অভিযোগ। গণনা কেন্দ্র সংলগ্ন এলাকাতেও দলীয় অফিসে ভাঙচুরের ঘটনা ঘটেছে। ছন্দকোণায় যুব নেতা সৌরভ চক্রবর্তীর বাড়িতে হামলার অভিযোগ উঠেছে।

📍 কোচবিহার
একাধিক এলাকায় সংঘর্ষের খবর। কোথাও তৃণমূলের পার্টি অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে, আবার অন্যত্র বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

📍 দিনহাটা
ভোট গণনার সময় তৃণমূল সাংসদ জগদীশচন্দ্র বর্মা বসুনিয়াকে ঘিরে বিক্ষোভ। অভিযোগ, তাঁর গাড়িতে জুতো ছোড়া হয়। একইসঙ্গে স্থানীয় তৃণমূল নেতৃত্বের উপর হামলার ঘটনাও সামনে এসেছে।

📍 হুগলি (ডানকুনি)
তৃণমূলের পার্টি অফিসে ভাঙচুর চালিয়ে দখল নেওয়ার অভিযোগ উঠেছে। ফল প্রকাশের পরপরই উত্তেজনা ছড়ায় এলাকায়।

📍 পূর্ব বর্ধমান (খণ্ডঘোষ)
বাড়ি ভাঙচুরের অভিযোগ সামনে এসেছে। রাজনৈতিক প্রতিহিংসার জেরেই এই হামলা বলে অভিযোগ স্থানীয়দের একাংশের।

📍 নদিয়া (নবদ্বীপ, শান্তিপুর)
নবদ্বীপে তৃণমূলের কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ। শান্তিপুরে এক তৃণমূল কর্মীর উপর মারধরের অভিযোগ উঠেছে, যিনি হৃদরোগে আক্রান্ত—ঘটনায় চাঞ্চল্য।

📍 মুর্শিদাবাদ (বহরমপুর)
বিজয় মিছিল ঘিরে উত্তেজনা। তৃণমূল উপপ্রধানের বাড়ি ও বাইকে ভাঙচুরের অভিযোগ উঠেছে। পাশাপাশি তৃণমূল কার্যালয়েও হামলার অভিযোগ সামনে এসেছে।

📍 কলকাতা (টালিগঞ্জ)
অরূপ বিশ্বাসের পরাজয়ের পর তাঁর বস্তি উন্নয়ন পর্ষদের অফিসের বাইরে ভাঙচুরের অভিযোগ উঠেছে, যা শহরেও অশান্তির প্রভাব স্পষ্ট করছে।

পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলছে। প্রশাসনের তরফে নজরদারি বাড়ানো হলেও, রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা এই বিক্ষিপ্ত অশান্তি সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিচ্ছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন