অবশেষে দীর্ঘ জল্পনার ইতি—কেরলের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে ভিডি সতীশনের নাম ঘোষণা করল কংগ্রেস। ভোটগণনার ১০ দিন পর এই সিদ্ধান্ত সামনে আসতেই স্পষ্ট, দলের অন্দরের টানাপোড়েন মিটিয়ে অভিজ্ঞ ও জনপ্রিয় নেতার হাতেই দায়িত্ব তুলে দিল শীর্ষ নেতৃত্ব।
বৃহস্পতিবার দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসের সাধারণ সম্পাদক দীপা দাশমুন্সি আনুষ্ঠানিকভাবে সতীশনের নাম ঘোষণা করেন। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অজয় মাকেন, মুকুল ওয়াসনিক ও জয়রাম রমেশ। কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ জোট কেরলে ১০২টি আসনে জয়লাভ করলেও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কাটছিল না গত কয়েক দিন ধরেই।


মুখ্যমন্ত্রী পদের দৌড়ে প্রথম থেকেই এগিয়ে ছিলেন বিধানসভার বিরোধী দলনেতা ভিডি সতীশন। তবে তাঁর পাশাপাশি কে সি বেণুগোপাল এবং প্রবীণ নেতা রমেশ চেন্নিতালার নামও আলোচনায় ছিল। কংগ্রেস পরিষদীয় দলের একাংশ বেণুগোপালের নাম প্রস্তাব করলেও, অন্য একটি বড় অংশ সতীশনের পক্ষেই সওয়াল করে।
দলীয় সূত্রে জানা যায়, ২০২১ সালের পরাজয়ের ধাক্কা সামলে কংগ্রেসকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিলেন সতীশন। সেই কারণে বিধায়কদের একাংশ তাঁকেই মুখ্যমন্ত্রী করার পক্ষে জোরালো দাবি জানায়। শেষ পর্যন্ত সেই দাবিকেই গুরুত্ব দিয়ে সতীশনকেই বেছে নেয় কংগ্রেস।
এর্নাকুলাম জেলার পারাভুর কেন্দ্রের বিধায়ক সতীশন একাধিকবার নির্বাচিত হয়েছেন এবং তৃণমূল স্তরের কর্মীদের মধ্যে তাঁর জনপ্রিয়তা উল্লেখযোগ্য। রাজনৈতিক অভিজ্ঞতা ও সংগঠন দক্ষতার জোরেই তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।


এর আগে বুধবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গের বাসভবনে রাহুল গান্ধী-সহ দলের শীর্ষ নেতাদের বৈঠক হয়। প্রায় ৪০ মিনিটের ওই বৈঠকের পরই সিদ্ধান্ত চূড়ান্ত হয় বলে জানা যায়। যদিও সতীশন কবে শপথ নেবেন, তা এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি।







