বাংলার রাজনৈতিক পালাবদলের পর প্রথমবার কলকাতায় এসে ফের শিরোনামে মিঠুন চক্রবর্তী। বিজেপি সরকার গঠনের পর ‘মহাগুরু’র মন্তব্য ঘিরে নতুন করে সরগরম রাজ্য রাজনীতি। একদিকে নতুন সরকারের প্রশংসা, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ নিয়ে তাঁর বিস্ফোরক মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
বৃহস্পতিবার নিজের নতুন ছবি ‘আখরি সওয়াল’-এর প্রচারে কলকাতায় আসেন মিঠুন চক্রবর্তী। বিমানবন্দরে নেমেই তিনি বলেন, “নতুন কলকাতা দারুণ লাগছে। এবার সোনার বাংলা গড়ে তুলতে হবে। সেই কাজেই নেমে পড়েছি।”


বিধানসভা নির্বাচনের আগে বিজেপির হয়ে একাধিক জনসভায় তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছিল তাঁকে। বাংলায় বিজেপি সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শপথগ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন মিঠুন। ফলে রাজ্যের নতুন রাজনৈতিক সমীকরণে তাঁর ভূমিকা নিয়েও জল্পনা রয়েছে।
এদিন ছবির প্রচারের মাঝেই কলকাতা হাই কোর্টে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে কড়া প্রতিক্রিয়া দেন অভিনেতা। বুলডোজার ইস্যুতে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী আদালতে হাজির ছিলেন। সেই প্রসঙ্গে মিঠুন বলেন, “উনি হাই কোর্টে যান, যেখানে খুশি যান, কিচ্ছু হবে না।”
নিজের রাজনৈতিক লড়াইয়ের প্রসঙ্গ টেনে তিনি আরও বলেন, “আমি পাঁচ বছর ধরে সওয়াল করেছি, পাঁচ বছর ধরে লড়েছি। লড়াই করেই এই জায়গায় এসেছি। এখন সবাই আনন্দ করুন। এটা একটা মুক্ত বাংলা।”


তবে সবচেয়ে বেশি চর্চায় এসেছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে তাঁর মন্তব্য। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মিঠুন বলেন, “মূল উড়ে গেছে। এখন শুধু ঘাস পড়ে আছে… হাওয়াতেই উড়ে যাবে।”
মিঠুন চক্রবর্তীর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর প্রতিক্রিয়া। তৃণমূলের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে কোনও জবাব না এলেও, তাঁর মন্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক চাপানউতোর শুরু হওয়ার ইঙ্গিত স্পষ্ট।







