১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকা সংশোধন, বিজ্ঞপ্তি কমিশনের

দেশের ১৬ রাজ্য ও ৩ কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়া। ধাপে ধাপে চলবে এসআইআর অভিযান।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার তৃতীয় দফা শুরু করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, দেশের ১৬টি রাজ্য এবং ৩টি কেন্দ্রশাসিত অঞ্চলে এই প্রক্রিয়া চালানো হবে। আগামী ১ জুলাই থেকে শুরু হয়ে ধাপে ধাপে চলবে এই বিশেষ সংশোধন অভিযান। শেষ হবে ২৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ওড়িশা, মিজোরাম, সিকিম, মণিপুর, উত্তরাখণ্ড, অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা, তেলেঙ্গানা, পাঞ্জাব, কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় এই প্রক্রিয়া চলবে। পাশাপাশি দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ, দিল্লি ও চণ্ডীগড়— এই তিন কেন্দ্রশাসিত অঞ্চলও এসআইআরের আওতায় থাকবে।

- Advertisement -

কমিশন জানিয়েছে, প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আলাদা সময়সূচি নির্ধারণ করা হয়েছে। ওড়িশা, মিজোরাম, সিকিম এবং মণিপুরে ১ জুলাই থেকে আনুষ্ঠানিকভাবে প্রক্রিয়া শুরু হবে। তার আগে ৩০ মে থেকে ২৮ জুন পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম বিলি করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। এই চার রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে ৫ জুলাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ৬ সেপ্টেম্বর।

উত্তরাখণ্ডে ৮ জুন থেকে ৭ জুলাই পর্যন্ত বিএলওরা ফর্ম বিলি করবেন। সেখানে খসড়া তালিকা প্রকাশ হবে ১৪ জুলাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশের দিন ধার্য হয়েছে ১৫ সেপ্টেম্বর।

অন্যদিকে অন্ধ্রপ্রদেশ, অরুণাচল প্রদেশ, হরিয়ানা এবং কেন্দ্রশাসিত অঞ্চল চণ্ডীগড়ে ১৬ জুন থেকে ১৪ জুলাই পর্যন্ত চলবে ফর্ম বিলির কাজ। এই অঞ্চলগুলিতে খসড়া তালিকা প্রকাশিত হবে ২১ জুলাই এবং শুনানি শেষে চূড়ান্ত তালিকা প্রকাশ হবে ২২ সেপ্টেম্বর।

তেলেঙ্গানা ও পাঞ্জাবে ২৬ জুন থেকে ২৪ জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। সেখানে খসড়া তালিকা প্রকাশিত হবে ৩১ জুলাই এবং চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১ অক্টোবর।

- Advertisement -

কর্নাটক, মেঘালয়, মহারাষ্ট্র, ঝাড়খণ্ড এবং দিল্লিতে ৩০ জুন থেকে শুরু হবে বিশেষ সংশোধন অভিযান। খসড়া তালিকা প্রকাশ হবে ৫ আগস্ট এবং চূড়ান্ত তালিকা প্রকাশের সম্ভাব্য দিন ৭ অক্টোবর।

নাগাল্যান্ডে ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এনুমারেশন ফর্ম বিলির কাজ। সেখানে চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে ২১ নভেম্বর। আর ত্রিপুরায় ১৫ সেপ্টেম্বর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত বাড়ি বাড়ি যাবেন বিএলওরা। সেখানে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর।

নির্বাচন কমিশন জানিয়েছে, গোটা প্রক্রিয়ায় মোট ৩ লক্ষ ৯৪ হাজার বিএলও কাজ করবেন। প্রায় ৩৬.৭৩ কোটি ভোটারকে অন্তর্ভুক্ত করে এই বিশেষ সংশোধন অভিযান পরিচালিত হবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর