বিশ্বকাপের আগে দুরন্ত ছন্দে ফিরেছেন লিওনেল মেসি। একদিকে গোলের পর গোল করে ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন, অন্যদিকে বেতনের অঙ্কেও গোটা মেজর লিগ সকারে তৈরি করেছেন নতুন নজির। নতুন চুক্তির পর মেসির পারিশ্রমিক এমন জায়গায় পৌঁছেছে, যা এমএলএসের অন্য কোনও ক্লাবের পুরো স্কোয়াডের খরচকেও টেক্কা দিচ্ছে।
বুধবার সিনসিনাটির বিরুদ্ধে ৫-৩ ব্যবধানে জয়ের ম্যাচে আবারও জোড়া গোল করেন মেসি। শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছিল ইন্টার মায়ামি। ম্যাচের ২৪ মিনিটে প্রতিপক্ষের ভুলের সুযোগ নিয়ে প্রথম গোল করেন আর্জেন্টাইন মহাতারকা।


তবে প্রথমার্ধের শেষদিকে ম্যাচে ফিরে আসে সিনসিনাটি এবং ২-১ ব্যবধানে এগিয়ে যায়। পিছিয়ে পড়েও হাল ছাড়েনি ইন্টার মায়ামি। ৫৫ মিনিটে দুর্দান্ত ফিনিশিংয়ে দ্বিতীয় গোল করে দলকে সমতায় ফেরান মেসি।
এরপর ৬৪ মিনিটে ফের পিছিয়ে পড়ে মায়ামি। কিন্তু ম্যাচের শেষদিকে পুরো খেলায় নিয়ন্ত্রণ নেয় তারা। ৭৯ মিনিটে মেসির পাস থেকে গোল করেন মাতেও সিলভেত্তি। এরপর ৮৪ মিনিটে গেরমান বেরতেরামে গোল করে দলকে এগিয়ে দেন। ম্যাচের শেষদিকে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে প্রতিফলিত হয়ে জালে জড়ায়। পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়।
সাম্প্রতিক ফর্মও দুর্দান্ত মেসির। শেষ তিন ম্যাচে তিনি করেছেন ৪ গোল এবং করিয়েছেন আরও ৪টি। চলতি মরশুমে ১৪ ম্যাচে তাঁর গোলসংখ্যা দাঁড়িয়েছে ১২। পাশাপাশি রয়েছে ৪টি অ্যাসিস্ট। এমএলএসে ১২ ম্যাচেই করেছেন ১১ গোল।


কেরিয়ারে মেসির মোট গোলসংখ্যা এখন ৯০৯। ফলে আসন্ন বিশ্বকাপের আগে আর্জেন্টিনা শিবিরে স্বস্তির হাওয়া বইছে। আগামী ১১ জুন আমেরিকা, মেক্সিকো এবং কানাডায় শুরু হবে ফুটবল বিশ্বকাপ।
মাঠের পারফরম্যান্সের পাশাপাশি আর্থিক দিক থেকেও এখন এমএলএসে একচ্ছত্র আধিপত্য মেসির। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, ইন্টার মায়ামিতে তাঁর বর্তমান বেতন ২ কোটি ৫০ লাখ ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ২৪০ কোটির কাছাকাছি।
নতুন চুক্তির পর তাঁর মোট আয় পৌঁছেছে ২ কোটি ৮৩ লাখ ডলার ছাড়িয়ে। এমএলএসে দ্বিতীয় সর্বোচ্চ বেতন পাওয়া ফুটবলারের তুলনায়ও এই অঙ্ক দ্বিগুণের বেশি।
সবচেয়ে চমকপ্রদ তথ্য, মেসির একার বেতনই এত বেশি যে ইন্টার মায়ামি ছাড়া এমএলএসের অন্য কোনও ক্লাব পুরো দল নিয়েও এত অর্থ খরচ করে না। ফলে মাঠের মতো অর্থনীতির খেলাতেও এখন একাই রাজত্ব করছেন লিওনেল মেসি।







