নতুন বছরে মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? তা হলে আগেভাগেই জেনে রাখুন অভিবাসন নীতির বদলের কথা। এত দিন ভারতীয় পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই মালয়েশিয়ায় টানা ৩০ দিন পর্যন্ত থাকার সুযোগ পেতেন। কিন্তু ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সেই সুবিধা বন্ধ হতে চলেছে বলে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে পর্যটন, ব্যবসা কিংবা অন্য যে কোনও প্রয়োজনে মালয়েশিয়া যেতে ভারতীয় নাগরিকদের আগে থেকেই বৈধ ভিসা নিতে হবে।
নতুন নিয়মের ফলে যাঁরা ২০২৭ সালে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের ভ্রমণের প্রস্তুতির পাশাপাশি ভিসার সময়সীমাও মাথায় রাখতে হবে। জানা গিয়েছে, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ভারতীয় নাগরিকদের জন্য অনলাইনে ভিসার আবেদন গ্রহণ শুরু হওয়ার কথা। সেই আবেদন করা যাবে মালয়েশিয়ার ‘মাইভিসা’ (MyVISA) পোর্টালের মাধ্যমে।
কেন বদলাচ্ছে মালয়েশিয়ার ভিসা নীতি?
মালয়েশিয়ার অভিবাসন দফতর (JIM) ১৭ নভেম্বরের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ভারতীয় নাগরিকদের জন্য ভিসা ছাড়ের সুবিধা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে আর কার্যকর থাকবে না। অর্থাৎ, ২০২৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত যে ছাড়ের ব্যবস্থা রয়েছে, তার মেয়াদ আপাতত আর বাড়ানো হচ্ছে না। মালয়েশিয়ার সরকারি ওয়েবসাইটেও ভারতীয়দের ভিসা ছাড়ের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
তবে এই সুবিধা বন্ধের পিছনে নির্দিষ্ট কোনও কারণ সরকারি বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়নি। এর আগে মালয়েশিয়ায় ভারতীয়দের ভিসা-ছাড়া প্রবেশের সুযোগের অপব্যবহার নিয়ে সতর্ক করেছিল কুয়ালালামপুরে ভারতীয় হাই কমিশন। পর্যটক হিসেবে গিয়ে কাজ খোঁজা, ভুয়ো চাকরির প্রতিশ্রুতিতে প্রতারিত হওয়া এবং নির্ধারিত সময়ের বেশি থেকে যাওয়ার মতো ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছিল।
১ জানুয়ারি থেকে কী কী নিয়ম মানতে হবে?
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি বা তার পরে মালয়েশিয়ায় প্রবেশ করতে হলে ভারতীয় নাগরিকদের যাত্রার আগেই বৈধ ভিসা সংগ্রহ করতে হবে। শুধু পর্যটনের জন্য নয়, ব্যবসা কিংবা অন্য কোনও প্রয়োজনে যাঁরা মালয়েশিয়া যাবেন, তাঁদেরও সংশ্লিষ্ট ভিসার নিয়ম মেনে চলতে হবে।
অর্থাৎ, আগে থেকে বিমানের টিকিট কাটা থাকলেও ভিসা ছাড়া মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি মিলবে না। তাই ভ্রমণের তারিখ চূড়ান্ত করার পাশাপাশি ভিসা পাওয়ার প্রক্রিয়াও আগেভাগে শুরু করা জরুরি।
কবে থেকে অনলাইনে ভিসার আবেদন করা যাবে?
ভারতীয় পর্যটকদের জন্য অনলাইনে আবেদন জমা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। মালয়েশিয়ার অভিবাসন দফতরের ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১ ডিসেম্বর থেকে ‘মাইভিসা’ (MyVISA) পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন করতে পারবেন ভারতীয় নাগরিকরা। অর্থাৎ, নতুন নিয়ম কার্যকর হওয়ার এক মাস আগেই আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে।
তবে ভিসার ধরন, আবেদন করতে কী কী নথি লাগবে, কত টাকা ফি দিতে হবে এবং আবেদন নিষ্পত্তি হতে কত দিন সময় লাগবে—এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা প্রকাশিত না হওয়া পর্যন্ত সরকারি পোর্টালের তথ্য দেখে নেওয়াই ভালো। ভিসার আবেদন করলেই যে অনুমোদন মিলবে, এমন নিশ্চয়তা নেই।
২০২৭ সালে মালয়েশিয়া যাওয়ার পরিকল্পনা থাকলে কী করবেন?
কুয়ালালামপুরের পেট্রোনাস টুইন টাওয়ার, লংকাউইয়ের সমুদ্রসৈকত কিংবা পেনাংয়ের ঐতিহাসিক স্থাপত্য—ভারতীয় পর্যটকদের কাছে মালয়েশিয়া বরাবরই জনপ্রিয় গন্তব্য। ভিসা ছাড়ের সুবিধার কারণে অল্প প্রস্তুতিতেই সেখানে যাওয়ার পরিকল্পনা করা যেত। কিন্তু ২০২৭ সাল থেকে সেই সুবিধা আর থাকছে না।
তাই নতুন বছরে মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা থাকলে ডিসেম্বর থেকেই ভিসার আবেদন সংক্রান্ত প্রস্তুতি শুরু করা উচিত। বিমানের টিকিট ও হোটেল বুকিংয়ের পাশাপাশি ভিসার অনুমোদন হাতে পাওয়ার বিষয়টিও নিশ্চিত করতে হবে। শেষ মুহূর্তে আবেদন করলে ভ্রমণের পরিকল্পনা ভেস্তে যাওয়ার আশঙ্কা থাকবে। মালয়েশিয়ার অভিবাসন দফতর এবং সরকারি MyVISA পোর্টালে প্রকাশিত সর্বশেষ নির্দেশিকা দেখে তবেই চূড়ান্ত পরিকল্পনা করুন।



