উচ্চমাধ্যমিকের কৃতীদের ভিডিও কলে শুভেচ্ছা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

উচ্চ মাধ্যমিকের সম্ভাব্য প্রথম আদৃত পাল ও মেয়েদের মধ্যে প্রথম মেঘনা মজুমদারকে ভিডিও কলে শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশের পরই কৃতি ছাত্রছাত্রীদের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার ভিডিও কলের মাধ্যমে উচ্চ মাধ্যমিকে প্রথম আদৃত পাল এবং মেয়েদের মধ্যে প্রথম হওয়া মেঘনা মজুমদারের সঙ্গে কথা বলেন তিনি। তাঁদের সাফল্যে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভবিষ্যতের জন্যও শুভকামনা জানান মুখ্যমন্ত্রী।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সম্ভাব্য প্রথম হয়েছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র আদৃত পাল। অন্যদিকে মেয়েদের মধ্যে সেরা ফল করেছেন মেঘনা মজুমদার। ফলপ্রকাশের কিছুক্ষণের মধ্যেই মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে সরাসরি কথা বলেন।

ভিডিও কলে শুভেন্দু অধিকারী কৃতীদের অধ্যবসায় ও পরিশ্রমের প্রশংসা করেন। তিনি বলেন, এই সাফল্য শুধু পরিবার বা বিদ্যালয়ের নয়, গোটা রাজ্যের গর্ব। পাশাপাশি ভবিষ্যতে আরও বড় সাফল্যের জন্য ছাত্রছাত্রীদের উৎসাহও দেন তিনি।

ফলপ্রকাশের দিন কৃতি ছাত্রছাত্রীদের সঙ্গে মুখ্যমন্ত্রীর এই ভার্চুয়াল সাক্ষাৎ ঘিরে শিক্ষা মহলেও ইতিবাচক বার্তা গিয়েছে বলে মনে করা হচ্ছে। রাজ্যের নতুন সরকারের তরফে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব দেওয়ার বার্তাও এতে স্পষ্ট হয়েছে বলে মত অনেকের।

এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে পরীক্ষার ৭৬ দিনের মাথায়। মোট প্রায় ৭ লক্ষ ১০ হাজার পরীক্ষার্থী এ বছর পরীক্ষায় অংশ নেয়। মেধাতালিকায় জায়গা পেয়েছেন মোট ৬৪ জন পরীক্ষার্থী।

আদৃত পাল ও মেঘনা মজুমদারের এই সাফল্য এখন রাজ্যের বহু পড়ুয়ার কাছেই অনুপ্রেরণার হয়ে উঠেছে।

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত