নজরবন্দি ব্যুরো: সিভিক পুলিশে চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ করার অভিযোগ উঠল নদীয়ার এক তৃণমূল নেতার বিরুদ্ধে। এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করলেন প্রতারিতের পরিবার। অভিযোগ, চলতি বছর এপ্রিল মাসে সিভিক পুলিশের চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে একটি পরিবারের থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন অভিযুক্ত তৃণমূল নেতা।
পুলিশ সূত্রে খবর, প্রতারিত যুবকের বাড়ি নদীয়ার কুলিয়া হসপিটাল পাড়া এলাকায়। ২৫শে এপ্রিল তাঁর থেকে পঞ্চাশ হাজার টাকা নিয়েছিলেন এলাকার তৃণমূল নেতা সুপ্রভাত সরকার। জানা যাচ্ছে, তিনি মোট দু-দফায় এই টাকা নিয়েছিলেন। এরপর পাঁচ ছয় মাস কেটে গেলেও চাকরি পাননি সেই যুবক। বারংবার সুপ্রভাত সরকারকে অনুরোধ করা সত্ত্বেও তিনি কোনও রকম কথা বলেননি বলে অভিযোগ। বরং টাকা ফেরত চাইলে যুবকের পরিবারকে দেওয়া হতো হুমকি।

সমস্ত অভিযোগ অস্বীকার করে সুপ্রভাত সরকার বলেছেন, “আমি জন্মলগ্ন থেকে তৃণমূল করি। সেইদিন থেকে আজ পর্যন্ত আমার নামে এই অভিযোগ কেউ করেনি। যদি এই কাজ আমি প্রমাণ করতে পারে প্রশাসন যা শাস্তি দেবে মেনে নেব।”
সিভিক পুলিশে চাকরির নামে টাকা নেওয়ার অভিযোগ, কাঠগড়ায় TMC নেতা
![]()



