বৈদ্যবাটিতে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগে গ্রেফতার করা হল তৃণমূল কাউন্সিলর রাজু পারুই ওরফে চন্ডেকে। বিজেপির প্রচারে বাধা দেওয়া এবং কর্মীদের মারধরের অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৬ এপ্রিল বৈদ্যবাটিতে বিজেপির প্রচার কর্মসূচি চলাকালীন হামলার ঘটনা ঘটে। অভিযোগ, সেই সময় তৃণমূল কাউন্সিলর রাজু পারুইয়ের নেতৃত্বে বিজেপি কর্মীদের উপর চড়াও হওয়া হয়। প্রচারে বাধা দেওয়ার পাশাপাশি কয়েকজন কর্মীকে মারধর করা হয়েছে বলেও দাবি বিজেপির।


ঘটনার পর শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিজেপি নেতৃত্ব। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের পর রবিবার অভিযুক্ত তৃণমূল নেতা রাজু পারুইকে গ্রেফতার করা হয়।
এই ঘটনায় রাজনৈতিক চাপানউতোরও শুরু হয়েছে। বিজেপির দাবি, রাজ্যে সরকার পরিবর্তনের পর প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করছে বলেই অভিযুক্ত তৃণমূল নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছে। অন্যদিকে তৃণমূলের তরফে এখনও পর্যন্ত এই গ্রেফতারি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
পুলিশ জানিয়েছে, পুরো ঘটনার তদন্ত চলছে। হামলার ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কি না, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।









