‘অফিসারদের সামনে রাজনীতি নয়’, প্রশাসনিক বৈঠক থেকে সাংবাদিকদের কড়া বার্তা শুভেন্দুর

ডায়মন্ড হারবারের প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কড়া বার্তা— সরকারি অফিসারদের সামনে রাজনৈতিক প্রশ্ন নয়, বদলাবে পুরনো সংস্কৃতি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারি প্রশাসনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, সরকারি অফিসারদের উপস্থিতিতে রাজনৈতিক প্রশ্ন করা চলবে না। একইসঙ্গে সরকারি বৈঠকে আধিকারিকদের সঙ্গে আচরণ নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের মতে, তৃণমূল আমলের প্রশাসনিক সংস্কৃতি থেকে বেরিয়ে এসে নতুন ধারা প্রতিষ্ঠার ইঙ্গিতই দিলেন তিনি।

শনিবার ডায়মন্ড হারবারে পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, “আগের সিস্টেম আর চলবে না। মিটিংয়ের মধ্যে অফিসারদের নাম ধরে ডাকা, তুমি-তুমি করে কথা বলা হবে না।”

শুভেন্দুর বক্তব্য, সরকারি আধিকারিকদের একটি নির্দিষ্ট মর্যাদা রয়েছে এবং সেই মর্যাদা বজায় রাখা জরুরি। তিনি আরও বলেন, “অনেক অফিসার হায়দরাবাদ, মুসৌরি, দেরাদুনের মতো জায়গায় প্রশিক্ষণ নিয়ে এসেছেন। তাঁদের সামনে রাজনৈতিক আলোচনা বা প্রশ্ন করা উচিত নয়। রাজনৈতিক প্রশ্ন থাকলে আলাদা করে করুন।”

মুখ্যমন্ত্রীকে এদিন সাংবাদিকদের সামনে হাতজোড় করেও অনুরোধ জানাতে দেখা যায়। তাঁর কথায়, “সরকারি আধিকারিকদের বসিয়ে রেখে রাজনৈতিক বক্তৃতা দেওয়া ঠিক নয়।”

রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, তৃণমূল সরকারের আমলে সরকারি মঞ্চে রাজনৈতিক বার্তা দেওয়া এবং রাজনৈতিক সভা থেকে সরকারি ঘোষণা করার যে সংস্কৃতি তৈরি হয়েছিল, তার বিরুদ্ধেই সরাসরি অবস্থান নিলেন শুভেন্দু অধিকারী। প্রশাসনকে আরও পেশাদার এবং নিরপেক্ষ করে তুলতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

রাজ্যে বিজেপি সরকার গঠনের পর থেকেই প্রশাসনিক কাঠামোয় একাধিক পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সরকারি কাজের স্বচ্ছতা, শৃঙ্খলা এবং দায়িত্ববোধ বাড়াতে একের পর এক নতুন নিয়ম চালু করছে সরকার। ডায়মন্ড হারবারের বৈঠক থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তাকেও সেই বৃহত্তর পরিবর্তনের অংশ হিসেবেই দেখছেন পর্যবেক্ষকদের একাংশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত