নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েতের নির্বাচনী প্রচারে উত্তরবঙ্গ গিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারে সভা করে মঙ্গলবার মালবাজারে সভা করেন তিনি। সভা শেষ করে জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমন সময়ে আকাশে প্রবল বৃষ্টির কবলে পড়ে দুর্যোগের শিকার মুখ্যমন্ত্রীর কপ্টার। জরুরি অবতরণ করা হয় সেবক এয়ার বেসে।
আরও পড়ুন: শিয়রে পঞ্চায়েত ভোট, ৩ লক্ষ চা শ্রমিককে পাকা বাড়ি করে দেবার প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর


জানা গিয়েছে, এদিন দুপুর ১টা নাগাদ মালবাজারে সভা শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই জলপাইগুড়ির ক্রান্তি থেকে বাগডোগরার উদ্দেশ্যে হেলিকপ্টারে করে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কপ্টারে যেতে সময় লাগার কথা ১১ মিনিট। কপ্টার যখন উড়ান নেয় তখন আবহাওয়া ঠিকই ছিল। কিন্তু, আকাশে ওঠার পড়েই প্রবল বৃষ্টির সম্মুখীন হয় মুখ্যমন্ত্রীর কপ্টার। কালো মেঘ চোখ ঢেকে দেয়। কোনো রকম ঝুঁকি না নিয়ে জরুরী অবস্থায় সেবক এয়ার বেসে কপ্টারটি অবতরণ করান চালক। হেলিকপ্টার থেকে নামতে গিয়ে পা ও কোমরে চোট পেয়েছেন মুখমন্ত্রী।

সূত্রের খবর, আর কপ্টারে নয়। সেবক থেকে গাড়ি করেই বাগডোগরা যাবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বিমানে করে তাঁর কলকাতায় ফেরার কথা।



প্রসঙ্গত, পঞ্চায়েতের প্রচারে নেমে প্রথমেই উত্তরবঙ্গকে বেছে নেন মুখ্যমন্ত্রী। কোচবিহার ও মালবাজারে দুটি সভাও করেন তিনি। আগামী সপ্তাহে বীরভূমে প্রচারাভিযান চালাবেন মুখ্যমন্ত্রী।
আকাশপথে দুর্যোগের শিকার মুখ্যমন্ত্রীর কপ্টার, জরুরি অবতরণ সেবকে








