ভরদুপুরে হঠাৎই আগুনের দাপটে আতঙ্ক ছড়াল দক্ষিণ কলকাতায়। সন্তোষপুর স্টেশনের পাশের ঝুপড়ি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের জেরে বন্ধ রাখতে হল বজবজ-শিয়ালদহ শাখার ট্রেন পরিষেবা। আগুনের তাপে রেললাইনের উপর থাকা হাইটেনশন তার গলে যাওয়ার খবর মিলেছে, ফলে যাত্রী নিরাপত্তার কথা মাথায় রেখে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়—আর তাতেই থমকে যায় ট্রেন চলাচল।
দমকল সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুরে সন্তোষপুর স্টেশন সংলগ্ন প্রায় ৫০-৬০টি ঘর নিয়ে গড়ে ওঠা বস্তি এলাকায় আচমকাই আগুন লাগে। মুহূর্তের মধ্যে তা ভয়াবহ আকার নেয়। গোটা এলাকা ঢেকে যায় ঘন কালো ধোঁয়ায়, আতঙ্কে ছুটোছুটি শুরু করেন স্থানীয় বাসিন্দারা।


পূর্ব রেলয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাজি জানান, আগুনের জেরে রেললাইনের উপর থাকা বৈদ্যুতিক তার ক্ষতিগ্রস্ত হওয়ায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়েছে। সেই কারণে মাঝেরহাট স্টেশন থেকে ট্রেন চলাচল আপাতত স্থগিত রাখতে হয়েছে।
প্রাথমিকভাবে জানা গিয়েছে, প্ল্যাটফর্ম বা কোনও ট্রেনে বড়সড় ক্ষয়ক্ষতির খবর নেই। তবে ট্রেন পরিষেবা বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছেন নিত্যযাত্রীরা। বিকল্প ব্যবস্থার খোঁজে হন্যে হয়ে ঘুরতে দেখা যায় বহু মানুষকে।
এদিকে, দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে শর্ট সার্কিট বা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে।


আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা চলছে বলে রেল সূত্রে জানানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত যাত্রীদের ধৈর্য ধরার আবেদন করা হয়েছে।







