নজরবন্দি ব্যুরোঃ রাজ্যপাল জগদীপ ধনকড়ের কারণেই হাওড়ায় পুরভোট করানো সম্ভব হয়নি। সরাসরি অভিযোগ তুলেছিলেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। কারণ, হিসাবে তিনি বলেন, হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার বিলে রাজ্যপাল সই না করার কারণে দেরি হয়েছে। এবার স্পিকারকে পাল্টা জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। সমন্বয়ের সঙ্গে কাজ করার নিদান দিলেন তিনি।
আরও পড়ুনঃ বৈশাখী এসেছেন কাননের জীবনে, তাই ফেলে যাওয়া দায়িত্বভার নিজের কাঁধে নিলেন রত্না


শুরুতে কলকাতা পুরনিগমের সঙ্গে হাওড়াতেও পুরভোট করানোর পরিকল্পনা ছিল সরকারের। কিন্তু হাওড়া পুরনিগম থেকে বালি পুরসভাকে আলাদা করার বিল বিধানসভায় পাশ করানো হলেও সেই বিলে এখনও অবধি সই করেননি রাজ্যপাল জগদীপ ধনকড়। সেকারণেই এখনই হাওড়ায় নির্বাচন করানো যাচ্ছে না। এমনকি পরিকল্পনা থাকলেও হাওড়া পুরভোট নিয়ে এখনও অবধি বিজ্ঞপ্তি জারি করা হয়নি।

এবিষয়ে সরাসরি রাজ্যপালের দিকে অভিযোগ তুলে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, রাজ্যপালের দেরির কারণেই হাওড়ার পুরভোটের জন্য দেরি হচ্ছে। রাষ্ট্রপতি যদি এক রাতের মধ্যে তিন কৃষি বিলে সই করতে পারেন, তাহলে রাজ্যপাল কী উদ্দেশ্যে এটাকে আটকে রেখেছেন? রাজ্যপালের পাল্টা জবাব, অধ্যক্ষ মনে করেন বিধানসভায় তিনিই শেষ কথা। আর এই ভুলটাই উনি করেন। আমাদের সমন্বয় রেখে কাজ করা উচিত। যা চলছে ভীষণ দুর্ভাগ্যজনক।
সূত্রের খবর, হাওড়া পুরনিগম সংশোধনী বিল নিয়ে রাজ্যের এক বর্ষীয়ান নেতার সঙ্গে কথা হয়েছে রাজ্যপালের। তবুও এখনও অবধি সুরাহা মেলেনি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্য, কী যুক্তিকে হাওড়া থেকে বালিকে আলাদা করা হচ্ছে সেই যুক্তি চেয়ছিলেন রাজ্যপাল। কিন্তু রাজ্যের তরফে তা জানানো হয়নি। সেটা জানিয়ে দিলেই গোটা নিষ্পত্তি হয়ে যায়।


কবে হবে হাওড়ার পুরভোট, কি পরিকল্পনা সরকারের?

শুরু থেকেই কলকাতা সহ রাজ্যের সমস্ত পুরসভা এলাকাগুলিতে নির্বাচনের দাবীতে সরব হয়েছিল বিজেপি। এমনকি এবিষয়ে আদালতের দ্বারস্থ হয় তাঁরা। কমিশনের তরফে দেওয়া হলফনামায় জানানো হয়েছে, আগামী মে মাসের মধ্যে রাজ্যের সমস্ত পুরভোট সেরে ফেলতে চাইছে রাজ্য। কোভিডের কথা মাথায় রেখে ৬ থেকে ৮ দফায় হতে পারে নির্বাচন। কিন্তু কবে হবে হাওড়া পুরসভার নির্বাচন? প্রশ্ন রাজনৈতিক মহলের।







