অক্টোবরে চালু ‘ভরসা’ প্রকল্প, কারা পাবেন মাসে ৩,০০০ টাকা? জেনে নিন যোগ্যতা ও নিয়ম

রাজ্য বাজেটে বেকার যুবকদের জন্য বড় ঘোষণা। ‘ভরসা’ প্রকল্পে মাসিক ভাতা, বিনামূল্যে কোচিং এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার্থীদের জন্য এককালীন আর্থিক সহায়তার প্রস্তাব।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বেকার যুবক-যুবতীদের আর্থিক সহায়তা দিতে নতুন ‘ভরসা’ প্রকল্প চালুর ঘোষণা করেছে রাজ্য সরকার। ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেটে এই প্রকল্পের কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। আগামী অক্টোবর মাস থেকে প্রকল্পটি কার্যকর হওয়ার কথা। এর মাধ্যমে নির্দিষ্ট যোগ্যতাসম্পন্ন বেকার যুবকদের মাসিক ভাতা দেওয়া হবে।

রাজ্য সরকারের দাবি, কর্মসংস্থানের সুযোগ খোঁজার সময় যাতে আর্থিক চাপে পড়তে না হয়, সেই লক্ষ্যেই ‘ভরসা’ প্রকল্প চালু করা হচ্ছে। একইসঙ্গে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সহায়তা করার জন্যও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে।

কী এই ‘ভরসা’ প্রকল্প?

বাজেট প্রস্তাব অনুযায়ী, ২১ থেকে ৪৫ বছর বয়সি বেকার যুবক-যুবতীরা এই প্রকল্পের সুবিধা পাবেন। চাকরিপ্রার্থী বেকার স্নাতকদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে ভাতা দেওয়া হবে। অন্যদিকে, যোগ্য অন্যান্য বেকার যুবক-যুবতীদের মাসিক ২,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

কারা এই প্রকল্পের জন্য যোগ্য?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শুধুমাত্র সেইসব আবেদনকারী এই প্রকল্পের সুবিধা পাবেন, যাঁদের পরিবারের মাসিক আয় ১ লক্ষ টাকার কম।

এছাড়াও একটি গুরুত্বপূর্ণ শর্ত রাখা হয়েছে। যাঁরা ইতিমধ্যেই অন্য কোনও সামাজিক সুরক্ষা প্রকল্পের মাধ্যমে নিয়মিত আর্থিক সুবিধা পাচ্ছেন, তাঁরা ‘ভরসা’ প্রকল্পের আওতায় আসবেন না।

বিনামূল্যে কোচিং সেন্টারের সুবিধা

শুধু মাসিক ভাতাই নয়, প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি আরও শক্তিশালী করতে রাজ্যের প্রতিটি জেলায় বিনামূল্যে কোচিং সেন্টার চালুর কথাও ঘোষণা করা হয়েছে।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের ছাত্রছাত্রীরা এই কোচিং সুবিধা নিতে পারবেন। এর ফলে চাকরির পরীক্ষার প্রস্তুতির জন্য বেসরকারি কোচিংয়ের উপর নির্ভরতা কিছুটা কমতে পারে বলে মনে করা হচ্ছে।

এককালীন ৩০ হাজার টাকার সহায়তা

বাজেটে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। সরকারি বা সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজের যে সব ছাত্রছাত্রী প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাঁদের এককালীন ৩০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

এই কর্মসূচি বাস্তবায়নের জন্য বাজেটে ৩০ কোটি টাকা বরাদ্দের কথাও উল্লেখ করা হয়েছে।

কর্মসংস্থান নিয়েও বড় ঘোষণা

বাজেটে কেওয়াইসি-ভিত্তিক জব কার্ডধারীদের জন্য ১২৫ দিনের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। পাশাপাশি ১০০ দিনের কাজ প্রকল্পে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে।

এছাড়াও মেধাবী পড়ুয়াদের জন্য ‘স্বামী বিবেকানন্দ মেরিট স্কিম’-এর ঘোষণা করা হয়েছে। সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমার ঊর্ধ্বসীমায় অতিরিক্ত ৫ বছরের ছাড়ও আগামী দু’বছরের জন্য বহাল থাকবে বলে জানানো হয়েছে।

সব মিলিয়ে, ‘ভরসা’ প্রকল্পকে বেকার যুবকদের জন্য রাজ্য সরকারের অন্যতম বড় সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে দেখা হচ্ছে। অক্টোবর মাসে প্রকল্পটি চালু হলে আবেদন প্রক্রিয়া ও বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করা হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন