লিওনেল মেসি (Lionel Messi) কি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবেন? বিশ্বকাপে (FIFA World Cup 2026) এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ফুটবল মহলে। নকআউটে জায়গা নিশ্চিত হওয়ায় জর্ডনের বিরুদ্ধে নিয়মরক্ষার ম্যাচে আর্জেন্টিনার একাধিক প্রথম সারির ফুটবলারকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। সেই ইঙ্গিতই দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
দুটি ম্যাচ জিতে ইতিমধ্যেই গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করেছে আর্জেন্টিনা। অন্যদিকে, টানা দুই পরাজয়ের ফলে জর্ডনের বিশ্বকাপ অভিযান কার্যত শেষ। ফলে শেষ ম্যাচের ফলাফল আর্জেন্টিনার নকআউটের অঙ্কে কোনও প্রভাব ফেলবে না।
এই পরিস্থিতিতে স্কালোনি জানিয়েছেন, পুরো স্কোয়াডকে সুযোগ দেওয়ার কথা ভাবা হচ্ছে। তাঁর কথায়, দলে থাকা প্রত্যেক ফুটবলারেরই মাঠে নামার সুযোগ পাওয়া উচিত। জর্ডনের বিরুদ্ধে ম্যাচ সেই সুযোগ তৈরি করে দিয়েছে বলেই তিনি মনে করছেন।
যদিও স্কালোনি সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবু আর্জেন্টিনার সংবাদমাধ্যমে জোর জল্পনা, বিশ্রাম পেতে পারেন অধিনায়ক লিওনেল মেসি। বিশ্বকাপ শুরুর আগে হ্যামস্ট্রিং সমস্যায় ভুগেছিলেন তিনি। তারপরও প্রথম দুই ম্যাচে দুরন্ত ছন্দে দেখা গিয়েছে তাঁকে।
আলজেরিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচে হ্যাটট্রিক করে নজর কেড়েছিলেন মেসি। এরপর অস্ট্রিয়ার বিপক্ষে পুরো ম্যাচ খেলেও জোড়া গোল করেন। যদিও একটি পেনাল্টি মিস করেছিলেন, তবুও তাঁর পারফরম্যান্স ছিল দলের অন্যতম বড় শক্তি।
নকআউটের আগে মেসিকে সম্পূর্ণ ফিট রাখাই কোচিং স্টাফের মূল লক্ষ্য বলে মনে করা হচ্ছে। যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় টানা ম্যাচ খেলার ধকল মাথায় রেখেই হয়তো তাঁকে বিশ্রাম দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।
তবে অন্য একটি সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। গোলের দৌড়ে কিলিয়ান এমবাপের (Kylian Mbappé) সঙ্গে প্রতিযোগিতায় রয়েছেন মেসি। জর্ডনের বিরুদ্ধে খেললে তাঁর গোলসংখ্যা আরও বাড়তে পারে। নকআউটের আগে পর্যাপ্ত বিশ্রামের সময়ও রয়েছে। তাই শেষ পর্যন্ত তিনি মাঠে নামবেন কি না, তা ম্যাচের দিনই স্পষ্ট হবে।
মেসি বিশ্রাম নিলে প্রথম একাদশে সুযোগ পেতে পারেন তরুণ ফরোয়ার্ড নিকোলাস পাজ় (Nicolás Paz)। পাশাপাশি জুলিয়ান আলভারেজ় (Julián Álvarez), লিয়ান্দ্রো পারেদেস (Leandro Paredes) এবং নিকোলাস ট্যাগলিয়াফিকো (Nicolás Tagliafico)-র মতো ফুটবলারদের ম্যাচ ফিট করে তোলার দিকেও নজর থাকবে কোচিং স্টাফের। চোট পাওয়া ক্রিশ্চিয়ান রোমেরো (Cristian Romero)-কে বিশ্রাম দিয়ে তাঁর জায়গায় নিকোলাস ওটামেন্ডিকে (Nicolás Otamendi) প্রথম একাদশে দেখা যেতে পারে।
নকআউটের আগে স্কোয়াড রোটেশন এবং ফুটবলারদের ফিটনেস বজায় রাখাই এখন আর্জেন্টিনার প্রধান লক্ষ্য। তাই জর্ডনের বিরুদ্ধে ম্যাচে স্কালোনি কতটা পরিবর্তন আনেন, সেদিকেই নজর থাকবে ফুটবলপ্রেমীদের।








