নজরবন্দি ব্যুরো: আজ সকালেই দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হল ঘূর্ণিঝড় সিত্রাং। আবহাওয়া দফতর সূত্রে খবর,রবিবার সকালে পূর্ব-মধ্য ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপরে সেটি অতি গভীর নিম্নচাপের আকার নিতে পারে। অতি গভীর নিম্নচাপটি কালীপুজোর সকালে পশ্চিম-মধ্য ও সংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এরপর সেটি উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
আরও পড়ুন: চোখে সফর অস্ত্রোপচার করে আমেরিকা থেকে ফিরছেন অভিষেক
আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার থেকেই রাজ্যের উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে আকাশের মুখ ভার হতে শুরু করবে৷ তিন জেলারই উপকূল লাগোয়া এলাকায় শুরু হবে হাল্কা বৃষ্টি ৷ সোমবার থেকেই অবশ্য দক্ষিণবঙ্গের সব জেলায় আবহাওয়ার পরিবর্তন চোখে পড়বে৷ শুরু হবে দুর্যোগপূর্ণ আবহাওয়া৷ উপকূলের জেলাগুলিতে মাঝারি বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷

মঙ্গলবার উপকূলের জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে৷ এর পাশাপাশি উপকূলের তিন জেলা দুই চব্বিশ পরগণা এবং পূর্ব মেদিনীপুরে ঘণ্টায় ৫০ থেকে ৭০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ৯০ থেকে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ৷ অন্যদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা যেমন হাওড়া, হুগলি, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে মঙ্গলবার মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷ এই জেলাগুলিতে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ দমকা হাওয়ার গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে৷
বিশেষত বাংলাদেশ সংলগ্ন মালদহের মতো উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে৷ আবহবিদদের অনুমান, এই ঘূর্ণিঝড় ওড়িশা উপকূলের আগেই সমুদ্রের উপরে বাঁক নিয়ে সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে চলে যাবে৷ সম্ভবত বঙ্গোপসাগরের উপরেই বিলীন হয়ে যাবে সিত্রাং৷
ঘণ্টায় ৯০-১০০ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সিত্রাং, কোন কোন জেলায় প্রভাব পড়বে, জানলো আবহাওয়া দফতর

মূলত দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনকে বেশি করে সতর্ক থাকার কথা বলা হয়েছে। সমুদ্র উপকূলবর্তী স্থান থেকে সবাইকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যেতে বলা হয়েছে। মজুত রাখতে হবে পর্যাপ্ত ত্রাণ ও খাবার’ও। মৎস্যজীবীদের, আগামীকাল থেকে সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। নবান্নে চালু করা হয়েছে, চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম। টোল ফ্রি নম্বর- ১০৭০ এবং ০৩৩-২২১৪-৩৫২৬ নম্বরেও যোগাযোগ করা যাবে।



