নন্দীগ্রামে ভোট দিয়ে বার্তা শুভেন্দুর: ‘পরিবর্তন আনুন’, অভিযোগও তুললেন একাধিক

নন্দীগ্রামে ই-রিকশায় চেপে ভোট দিতে গিয়ে ‘পরিবর্তন’-এর ডাক শুভেন্দুর; কেন্দ্রীয় বাহিনীকে প্রশংসা, একইসঙ্গে ভোটে বাধার অভিযোগ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সকালের ভোটদানের মাঝেই নন্দীগ্রামে রাজনৈতিক বার্তা জোরাল করলেন Shuvendu Adhikari। ই-রিকশায় চেপে বুথে পৌঁছে ভোট দেওয়ার আগে ও পরে একাধিকবার তিনি ‘পরিবর্তন’-এর ডাক দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করলেও, কিছু এলাকায় ভোটে বাধার অভিযোগ তুলে সরব হন বিজেপি প্রার্থী।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ নন্দীগ্রামের শান্তিকুঞ্জ থেকে বেরিয়ে আসেন শুভেন্দু। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েই তাঁর সংক্ষিপ্ত বার্তা—“পরিবর্তন আনুন।” এ দিন ব্যক্তিগত গাড়ি এড়িয়ে ই-রিকশায় করেই নিজের বুথের উদ্দেশে রওনা দেন তিনি। পথে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন, জনসংযোগও করেন।

নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাথমিক বিদ্যালয়—এই বুথেই ভোট দেন শুভেন্দু। সেখানে প্রায় আধ ঘণ্টা সময় কাটান তিনি। ভোট দেওয়ার পর সরাসরি নিজের কার্যালয়ে গিয়ে বসেন এবং কর্মী-সমর্থকদের সঙ্গে ভোট পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করে শুভেন্দু বলেন, আগের রাতের পরিস্থিতি বিচার করলে নির্বাচন কমিশন ও বাহিনী প্রশংসার দাবিদার। তবে একইসঙ্গে অভিযোগও তোলেন—নন্দীগ্রামের দু’টি গ্রামে হিন্দু ভোটারদের ভোট দিতে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

পাশাপাশি পিংলার ওসি চিন্ময় প্রামাণিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবিও তোলেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বিজেপির পোলিং এজেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। “ওসিকে সাসপেন্ড করতেই হবে,” বলেন তিনি।

যদিও সামগ্রিকভাবে ভোট প্রক্রিয়া নিয়ে তিনি আশাবাদী সুরেই কথা বলেন। শুভেন্দুর বক্তব্য, “বড় কোনও গণ্ডগোল নেই, ভালো ভোট হচ্ছে।” তবে সতর্কবার্তাও শোনান—“ভোটের সকালে গুন্ডাদের রাস্তায় থাকতে দেওয়া হবে না।”

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত