গঙ্গায় ‘সেবাশ্রয়’-এর নৌকা, দোতলা শিবিরে নতুন চমক—হীরকবন্দরে ফের মডেল গড়লেন অভিষেক

গঙ্গায় ‘সেবাশ্রয়’-এর নৌকা থেকে দোতলা আইসিইউ-সহ শিবির—ডায়মন্ড হারবারে স্বাস্থ্য পরিষেবাকে ‘মডেল’ হিসেবে তুলে ধরলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

গঙ্গার বুকে ভাসছে ‘সেবাশ্রয়’-এর নৌকা, আর তীরজুড়ে দোতলা স্বাস্থ্যশিবির—ডায়মন্ড হারবারে কার্যত পরিষেবা ও প্রতীকের যুগলবন্দিতে নতুন বার্তা দিল তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে শুরু হওয়া ‘সেবাশ্রয়’ যে শুধু স্বাস্থ্যশিবির নয়, বরং রাজনৈতিক ও সামাজিক মডেল—এ বার তারই দৃশ্যমান রূপ দেখা গেল হীরকবন্দরে।

মঙ্গলবার নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারে ‘সেবাশ্রয়’-এর বিশেষ থিম নৌকা পরিদর্শনে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে দাবি, ‘সেবাশ্রয়’ এখন বহু মানুষের কাছে স্বাস্থ্যসঙ্কটের একমাত্র ভরসা। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আসছেন ডায়মন্ড হারবারে। সেই বাস্তবতাকেই প্রতীকী ভাষায় তুলে ধরতে গঙ্গায় এই নৌকা ভাসানো হয়েছে।

অস্থায়ী জেটিতে সাজানো হয়েছে মাটির তৈরি মানুষের মূর্তি, আর নৌকার উপর রয়েছে অভিষেকের হাত নাড়ানো কাটআউট। শুধু নৌকাই নয়, মডেল ক্যাম্পের দেওয়াল জুড়ে চোখে পড়ছে তাঁর পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা ডায়মন্ড হারবার এফসি-র লোগো। পরিষেবার সঙ্গে পরিচিতি—দুটোকেই একসঙ্গে তুলে ধরার প্রয়াস বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

ডিসেম্বরে শুরু হওয়া ‘সেবাশ্রয়’-এর দ্বিতীয় পর্বে নিজের লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা এলাকাতেই একে একে ক্যাম্প করেছেন অভিষেক। মঙ্গলবার সেই পর্বের শেষ ধাপ শুরু হল ডায়মন্ড হারবারে। এখানকার শিবির কার্যত ‘মডেল সেবাশ্রয়’ হিসেবে উঠে এসেছে। এই প্রথম এসডিও মাঠে দোতলা ক্যাম্প তৈরি হয়েছে, যা আগে কোথাও দেখা যায়নি। রয়েছে পূর্ণাঙ্গ আইসিইউ পরিকাঠামোও। মঙ্গলবার আইসিইউ-তে তিন জন রোগী চিকিৎসাধীন ছিলেন।

এদিন অভিষেকের হাত দিয়েই বিশেষ ভাবে সক্ষম বহু মানুষকে ট্রাইসাইকেল তুলে দেওয়া হয়। প্রথম পর্বে ডায়মন্ড হারবারের সেবাশ্রয় শিবিরকে বেসরকারি হাসপাতালের সঙ্গে তুলনা করা হয়েছিল। দ্বিতীয় পর্বে সেই মানদণ্ডও ছাপিয়ে গিয়েছে বলেই তৃণমূলের দাবি।

এর মধ্যেই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের গণ্ডি ছাড়িয়ে সেবাশ্রয় পৌঁছে গিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-র বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম-এ। গত বৃহস্পতিবার নন্দীগ্রাম ১ ও ২ ব্লকে মডেল ক্যাম্প উদ্বোধন হয় শহিদ পরিবারের সদস্যদের হাত ধরে। সেদিনই ক্যাম্প পরিদর্শনে যান অভিষেক।

যদিও সেবাশ্রয়ের বিপুল ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তার জবাবে অভিষেক স্পষ্ট করে বলেছেন, আদালত, আয়কর বিভাগ বা যে কোনও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা হিসাব চাইলে তিনি দিতে প্রস্তুত। তবে বিরোধী দলনেতা সেই হিসাব চাওয়ার কোনও অধিকারী নন বলেই তাঁর মন্তব্য।

বিধানসভা নির্বাচনকে সামনে রেখে জেলা সফরের গতি আরও বাড়াচ্ছেন অভিষেক। ডায়মন্ড হারবারের সাতটি বিধানসভায় নির্দিষ্ট সময় ধরে কর্মসূচি সেরে বুধবার ফের তিনি রওনা দিচ্ছেন জেলা সফরে। তাঁর পরবর্তী গন্তব্য পুরুলিয়া

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত