সময়টা যেন কিছুতেই সহায় হচ্ছে না ভারতের উইকেটকিপার-ব্যাটার Rishabh Pant-এর। একের পর এক চোট তাঁর কামব্যাকের পথ আরও জটিল করে তুলছে। ইংল্যান্ড সিরিজ়ে চোট পেয়ে মাঠ ছাড়ার পর ফের ফিট হয়ে ওঠার চেষ্টা করেছিলেন পন্থ। কিন্তু নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ়ের ঠিক আগেই অনুশীলনে ফের চোট—আর সেই ধাক্কা যে এখনও কাটেনি, তা স্পষ্ট হচ্ছে সাম্প্রতিক মেডিক্যাল রিপোর্টে। যার প্রভাব পড়তে পারে আসন্ন IPL-এও।
নিউ জিল্যান্ড সিরিজ়ের একদিন আগে নেটে অনুশীলনের সময় থ্রো-ডাউন স্পেশালিস্টের একটি বল সোজা এসে লাগে পন্থের পাঁজরে। সঙ্গে সঙ্গেই তাঁকে মাঠ ছাড়তে হয় এবং সিরিজ় থেকে ছিটকে যান তিনি। তখন মনে করা হচ্ছিল, IPL শুরুর আগেই সুস্থ হয়ে উঠবেন পন্থ। কিন্তু News24-এর প্রকাশিত রিপোর্ট লখনৌ সুপার জায়ান্টস শিবিরে নতুন করে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।
কী বলছে মেডিক্যাল রিপোর্ট?
রিপোর্ট অনুযায়ী, পন্থের চোট টিয়ার-টু ইনজুরি। তাঁর পাঁজরে চিড় ধরেছে এবং গত প্রায় ১৫ দিন ধরে তিনি তীব্র ব্যথায় ভুগছেন। চিকিৎসকদের মতে, ব্যথা পুরোপুরি কমতে এখনও কিছুটা সময় লাগবে। তার পরেই তিনি রিহ্যাবের জন্য বোর্ডের সেন্টার অফ এক্সেলেন্স-এ যোগ দেবেন। ফলে তাঁর কামব্যাকের সময়সীমা আরও পিছিয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি।
এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, IPL-এর শুরুতে বেশ কয়েকটি ম্যাচে পন্থকে পাওয়া নাও যেতে পারে। ঠিক কত ম্যাচ তিনি মিস করবেন, তা নির্ভর করবে সেন্টার অফ এক্সেলেন্সে যোগ দেওয়ার পর তাঁর রিহ্যাব রিপোর্টের উপর।
চোট-আঘাতের এই ধারাবাহিকতা পন্থের কেরিয়ারের জন্যও বড় উদ্বেগের। ২০২২ সালের ভয়াবহ দুর্ঘটনার পর প্রায় এক বছর মাঠের বাইরে থাকতে হয়েছিল তাঁকে। মাঠে ফেরার পর গত কিছু সময়ের মধ্যেই তিনবার চোট পেয়েছেন তিনি। ফলে টানা ম্যাচ খেলার ছন্দ তৈরি করতে পারছেন না এই তারকা ক্রিকেটার।
IPL-এর মতো দীর্ঘ ও চাপের টুর্নামেন্টে পন্থের ফিটনেস নিয়ে এখনই প্রশ্নচিহ্ন উঠে গেল। লখনৌ সুপার জায়ান্টসের সমর্থকদের অপেক্ষা তাই শুধু তাঁর ব্যাটিংয়ের জন্য নয়—সবচেয়ে আগে তাঁর সুস্থ হয়ে ওঠার খবরে।



