নজরবন্দি ব্যুরোঃ মানুষ মানুষের জন্য, সংকটকালে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, শতাব্দীর সেরা সংকটময় পরিস্থিতি চলছে। একটু চিকিৎসা, হাসপাতালের বেড, অক্সিজেন, ভেন্টিলেটরের জন্য হাহাকার করছে মানুষ। করোনামুক্ত নতুন সকালের প্রহর গুনছে বিশ্ববাসী। এই অতিমারির বিরুদ্ধে যুদ্ধে জয়লাভ করতে সরকারের সাথে এগিয়ে আসছে ছোটো বড় নানান স্বেচ্ছাসেবী সংস্থা ও গণ সংগঠন। একাধিক জায়গায় পরিলক্ষিত হচ্ছে বহু ব্যক্তিগত উদ্যোগও।


রাজ্যের একাধিক জেলার মতোই দক্ষিণ ২৪ পরগনা জেলার সুন্দরবন সংলগ্ন এলাকার কোভিড আক্রান্ত মানুষদের পাশে দাঁড়াতে নানান প্রয়াস চালাচ্ছে জয়নগরের “দক্ষিণাঞ্চল স্বাস্থ্য সদন”। এই স্বাস্থ্য সদনের পরিচালন সমিতি “ডঃ দ্বারকানাথ কোটনিস মেমোরিয়াল ট্রাস্ট এ্যান্ড মেডিক্যাল রিসার্চ সেন্টার” এর হাতে তাঁর মা ( প্রয়াত কুন্তবালা হালদার) এর স্মৃতির উদ্যেশ্যে অবসরকালীন সঞ্চয় থেকে ৫ লক্ষ টাকার চেক তুলে দিলেন ঘটিহারানিয়া হাইস্কুল(উঃ মাঃ) এর অবসপ্রাপ্ত শিক্ষিকা মালতী হালদার।
এ প্রসঙ্গে মালতী দেবী কিছু বলতে না চাইলেও,তাঁর পুত্র,যিনি এস টি ই এ শিক্ষক সংগঠন এর রাজ্য নেতাও, অনিমেষ হালদার জানিয়েছেন,”এই কঠিন সংকটময় পরিস্থিতিতে আমার মা’য়ের এই ক্ষুদ্র সাহায্যে ছেলে হিসেবে আমি গর্বিত। প্রচলিত ব্যবস্থার বাইরে বাবা (গোবিন্দ চন্দ্র হালদার, অবসরপ্রাপ্ত শিক্ষক) এবং মা’য়ের সরল-সাধারণ জীবনযাপন, বিভিন্ন সামাজিক কাজে ও গণআন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছোটবেলা থেকে আমাদেরকে অনুপ্রাণিত করতো।
মানুষ মানুষের জন্য, সবচেয়ে বড় বিষয় তাঁরা এখনো এইধরনের কাজে পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করেন। তাই এমন পিতা-মাতার সন্তান হিসেবে আমি সত্যি তাঁদের কাছে কৃতজ্ঞ। জানিনা সেদিন কবে আসবে, তবে আমার মা এর সাথে আমরা সকলে চাই দ্রুত এই মৃত্যুমিছিল বন্ধ হোক এবং আগের সেই চেনা পৃথিবী আমরা ফিরে পাই।”









