দু’দফার ভোট পর্বের কড়াকড়ি কাটতেই স্বস্তি সুরাপ্রেমীদের মধ্যে। বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যজুড়ে আবার খুলেছে লাইসেন্সপ্রাপ্ত মদের দোকান ও বার। তবে এই স্বস্তি সাময়িক—ভোট গণনার দিন ফের বন্ধ থাকবে সব দোকান। আবগারি দপ্তরের নির্দেশ মেনে ঠিক সময়সূচি জানা থাকাই এখন জরুরি।
বৃহস্পতিবার সকাল ১০টা থেকে নিয়ম অনুযায়ী খুলেছে সমস্ত মদের দোকান। সকাল থেকেই একাধিক জায়গায় ভিড় চোখে পড়েছে। এর আগে নির্বাচন কমিশনের নির্দেশে প্রথম দফার ভোটের আগে ২০ এপ্রিল থেকে মদের বিক্রিতে নিষেধাজ্ঞা জারি হয়েছিল। মাঝখানে ২৪ এপ্রিল একদিনের জন্য খোলা হলেও ফের বন্ধ রাখতে হয়েছিল।
বর্তমান নির্দেশ অনুযায়ী, আগামী ৩ মে রাত ১১টা পর্যন্ত রাজ্যের সব মদের দোকান ও বার খোলা থাকবে। এরপর ৪ মে (ভোট গণনার দিন) সম্পূর্ণ ভাবে বন্ধ থাকবে সব লাইসেন্সপ্রাপ্ত দোকান ও বার।
তারপর ৫ মে সকাল ১০টা থেকে আবার স্বাভাবিক নিয়মে খুলে যাবে সব দোকান।
আবগারি দপ্তরের এক কর্তার কথায়, নির্বাচন সংক্রান্ত বিধিনিষেধ মেনেই এই সময়সূচি নির্ধারণ করা হয়েছে। একই নিয়ম প্রযোজ্য বারের ক্ষেত্রেও।



